বিজ্ঞাপন
রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদির প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
বিজ্ঞাপন
সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির দাবি, সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার (০৭ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
আল-মালিকি বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণস্থলও শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সৌদি নেতৃত্বাধীন জোটের এই মুখপাত্র বলেন, জোটের গোয়েন্দা ব্যবস্থা ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি প্ল্যাটফর্ম শনাক্ত করেছে। সেটি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে রিয়াদ বিমানবন্দরে হামলার এ দাবি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা আবারও বেড়েছে। এর মধ্যে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা কৌশলগত এলাকাগুলো পুনর্দখলে অভিযান চালাচ্ছে। এতে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।