Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরষ্কার: শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

নোবেল শান্তি পুরষ্কার: শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম

বিজ্ঞাপন

বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ, সংঘাত ও মানবিক সংকটের মধ্যে চলতি বছর ঘোষণা করা হবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম। শুক্রবার (০৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস বিজয়ীর নাম ঘোষণা করবেন। তবে ঘোষণার আগ পর্যন্ত কে পুরস্কারটি পাচ্ছেন, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। বরাবরের মতো এবারও প্রকাশ্যে আলোচনায় থাকা নামগুলোর বাইরে গিয়ে কমিটি চমক দিতে পারে।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। তবে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে না। নিয়ম অনুযায়ী এসব নথি ৫০ বছর গোপন রাখা হয়।

আলোচনায় পোপ লিও থেকে আন্তর্জাতিক আদালত

এবার সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় বেশ কিছু পরিচিত নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

শান্তি, সংলাপ এবং সংঘাতের রাজনৈতিক সমাধানের পক্ষে পোপ লিওর বক্তব্যের কারণে তার নাম আলোচনায় এসেছে বলে বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে।

আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে ভূমিকার কারণে আইসিসি ও আইসিজির নামও সামনে এসেছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ও আইনের শাসনের গুরুত্ব তুলে ধরতে এবার কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে পারে নোবেল কমিটি।

ফিলিস্তিন ইস্যুতে সরব অবস্থানের কারণে আলবানিজের নামও আলোচনায় রয়েছে। তবে তার সম্ভাব্য পুরস্কার রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।

আলোচনার কেন্দ্রে ট্রাম্প

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে রাজনৈতিকভাবে আলোচিত নামগুলোর একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের কয়েকজন নেতা প্রকাশ্যে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন।

তবে নোবেল কমিটি এসব মনোনয়নের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

গত বছরের নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে ট্রাম্পকে নিয়ে তৈরি হওয়া বিতর্কও এবার আলোচনায় এসেছে। ২০২৫ সালের শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো পরে তার নোবেল পদক ট্রাম্পকে উপহার দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সুদানের স্বেচ্ছাসেবকদের কাজও নজরে

যুদ্ধবিধ্বস্ত সুদানের স্থানীয় স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্ক ‘ইমারজেন্সি রেসপন্স রুমস’-এর নামও এবার আলোচনায় রয়েছে।

২০২৩ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন এলাকায় খাবার ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি সহযোগিতা দেওয়ার কাজ করে আসছেন।

পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (পিআরআইও)-এর পরিচালক হাকন গ্যেরলভের সম্ভাব্য প্রার্থীদের তালিকাতেও এই সংগঠনের নাম রয়েছে।

যুদ্ধের মধ্যে শিশুদের জন্য কাজ

ইউক্রেনের শিশু অধিকারকর্মী মাইকোলা কুলেবা ও তার সংগঠন ‘সেইভ ইউক্রেন’ও আলোচনায় রয়েছে। রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের উদ্ধারে এবং তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনে সংগঠনটি কাজ করেছে।

শিশুদের সুরক্ষা ও অধিকারকে যুদ্ধের আলোচনার কেন্দ্রে আনার কারণে কুলেবা ও ‘সেভ দ্য চিলড্রেন’-এর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছে পিআরআইও।

সাংবাদিকদের নিরাপত্তাও আলোচনায়

বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনাও এবারের নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় জায়গা করে নিয়েছে। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম বা সিপিজে।

যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ বাড়তে থাকায় সংগঠনটির কাজকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

চমক হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে ব্যতিক্রমী নামগুলোর একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ বিভিন্ন পক্ষের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রকল্পে একসঙ্গে কাজ করছেন। পৃথিবীতে ভূরাজনৈতিক বিভাজন বাড়লেও মহাকাশে এই সহযোগিতাকে আন্তর্জাতিক সমন্বয়ের একটি উদাহরণ হিসেবে দেখা হয়।

এই কারণেই আইএসএসকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছেন পিআরআইও-এর পরিচালক গ্যেরলভ।

কেন এবারের পুরস্কার আলাদা গুরুত্ব পাচ্ছে

এবার পুরস্কার ঘোষণার সময় বিশ্বজুড়ে একাধিক সংঘাত ও মানবিক সংকট চলছে। ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে যুদ্ধ অব্যাহত রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, বহুপক্ষীয় প্রতিষ্ঠান ও দেশগুলোর পারস্পরিক সহযোগিতার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

নরওয়েজিয়ান নোবেল কমিটির সচিব ক্রিস্তিয়ান বের্গ হারপভিকেন বলেছেন, পরিবর্তিত আন্তর্জাতিক ব্যবস্থার দিকে কমিটি নজর রাখছে। তার বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, বর্তমান বিশ্বব্যবস্থায় শান্তি ও সহযোগিতার নতুন কাঠামো তৈরিতে যারা কাজ করছেন, তাদের ভূমিকাও বিবেচনায় আসতে পারে।

তবে সম্ভাব্য কোনো প্রার্থী সম্পর্কে তিনি সরাসরি কোনো ইঙ্গিত দেননি।

শেষ পর্যন্ত চমকই কি আসছে?

নোবেল শান্তি পুরস্কারের ইতিহাস বলছে, ঘোষণার আগে আলোচনায় না থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানও শেষ পর্যন্ত পুরস্কার পেতে পারে। তাই ট্রাম্প, পোপ লিও, আন্তর্জাতিক আদালত, আলবানিজ, সুদানের স্বেচ্ছাসেবক, ইউক্রেনের শিশু অধিকারকর্মী, সিপিজে কিংবা আইএসএস—কোনো নামকেই নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই।

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার