Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার নিউয়ার্কে বিপজ্জনক চালনা ঠেকাতে নতুন কর্মসূচি নিচ্ছে পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

ক্যালিফোর্নিয়ার নিউয়ার্কে বিপজ্জনক চালনা ঠেকাতে নতুন কর্মসূচি নিচ্ছে পুলিশ

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার নিউয়ার্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ও মৃত্যুর ঘটনা কমাতে ট্রাফিক নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়াবে পুলিশ। এ জন্য অঙ্গরাজ্যের অফিস অব ট্রাফিক সেফটি থেকে অনুদান পেয়েছে নিউয়ার্ক পুলিশ বিভাগ। অনুদানের পরিমাণ জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় মদ বা মাদকের প্রভাবে গাড়ি চালানোর সন্দেহে থাকা ব্যক্তিদের শনাক্তে ডিইউআই চেকপয়েন্ট ও টহল পরিচালনা করা হবে। গাড়ি চালানোর সময় হাতে ফোন ব্যবহারসংক্রান্ত ক্যালিফোর্নিয়ার আইন ভঙ্গ করলেও নজরদারির আওতায় পড়বেন চালকেরা।

দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এমন চালনার দিকেও নজর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, পথের অগ্রাধিকার না দেওয়া, স্টপ সাইন বা লাল বাতি অমান্য করা এবং ভুলভাবে মোড় নেওয়া বা লেন বদলানো। হাঁটা ও সাইকেল চালানো মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে এমন আচরণের বিরুদ্ধেও অভিযান চালাবে পুলিশ।

এর পাশাপাশি প্রতিবেশী পুলিশ সংস্থাগুলোর সঙ্গে যৌথ অভিযান, কমিউনিটিতে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে আলোচনা এবং চালকের সক্ষমতা যাচাইয়ের জন্য অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পুলিশ সার্জেন্ট কার্ল ফ্রেডস্ট্রম বলেছেন, শিক্ষা ও আইন প্রয়োগের মাধ্যমে বিপজ্জনক চালনা কমিয়ে সড়ক নিরাপদ করাই তাঁদের লক্ষ্য।

নিউয়ার্ক পুলিশের তথ্য অনুযায়ী, কর্মসূচিটি চলবে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ক্যালিফোর্নিয়া অফিস অব ট্রাফিক সেফটি অনুদানের অর্থ দিচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার