Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মেডিকেয়ারের ৯০ ডলার ব্যাংকে বা চেকে পাচ্ছেন ২ কোটির বেশি, বাদ পড়ছেন প্রায় ৪ কোটি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম

মেডিকেয়ারের ৯০ ডলার ব্যাংকে বা চেকে পাচ্ছেন ২ কোটির বেশি, বাদ পড়ছেন প্রায় ৪ কোটি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অরিজিনাল মেডিকেয়ার পার্ট বি-তে থাকা ২ কোটি ৮ লাখ মানুষ অক্টোবরে একবারের জন্য ৯০ ডলার করে পাবেন। তবে পার্ট বি-তে নথিভুক্ত প্রায় ৬ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে আনুমানিক ৪ কোটি এই অর্থ পাবেন না। মঙ্গলবার সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৯০ ডলার দেওয়া হচ্ছে অক্টোবরের পার্ট বি প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতে। পার্ট বি-তে চিকিৎসকের সেবা, হাসপাতালের বহির্বিভাগীয় চিকিৎসা ও কিছু প্রতিরোধমূলক সেবা অন্তর্ভুক্ত। এটি মাসিক সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বৃদ্ধি নয়; অর্থ আসছে মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে।

মেডিকেয়ার পরিচালনাকারী সরকারি সংস্থা সিএমএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অরিজিনাল মেডিকেয়ার পার্ট বি-র যোগ্য সদস্যরা অর্থ পাবেন। মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যানে থাকা ব্যক্তিরা এই অর্থের আওতায় নেই। যাঁদের পার্ট বি প্রিমিয়াম মেটাতে মেডিকেইড সহায়তা দেয়, যাঁরা আয়ের কারণে অতিরিক্ত প্রিমিয়াম দেন অথবা যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তাঁরাও যোগ্য নন।

সিএমএসের তথ্য অনুযায়ী, বেশির ভাগ যোগ্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের মাধ্যমে ৮ অক্টোবরের কাছাকাছি সময়ে ৯০ ডলার জমা হওয়ার কথা। অন্যদের কাছে অক্টোবরের পরের দিকে মার্কিন ট্রেজারি বিভাগের কাগজের চেক পৌঁছাবে। চেকের সঙ্গে থাকা বার্তায় এটি মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে অক্টোবরের প্রিমিয়াম খরচ কমানোর অর্থ বলে উল্লেখ থাকবে।

এই এককালীন অর্থ চলতি বছরের প্রিমিয়াম বৃদ্ধির পুরোটা মেটায় না। সিএমএসের হিসাবে, ২০২৬ সালে পার্ট বি-র সাধারণ মাসিক প্রিমিয়াম ১৮৫ ডলার থেকে বেড়ে ২০২ ডলার ৯০ সেন্ট হয়েছে। অর্থাৎ মাসে ১৭ ডলার ৯০ সেন্ট বেশি দিতে হচ্ছে।

নিজের যোগ্যতা জানতে 1-800-MEDICARE নম্বরে ফোন করা যাবে। অর্থ পাঠানোর অবস্থা জানতে ১৫ অক্টোবর থেকে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের 1-800-772-1213 নম্বরে যোগাযোগ করতে বলেছে সিএমএস।

সূত্র: সিবিএস নিউজ, সিএমএস

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার