বিজ্ঞাপন
অতিরিক্ত ২০ হাজার রুপি না দেওয়ায় ভারতীয় শিক্ষার্থীর মার্কিন ভিসা ইন্টারভিউ বাতিল
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে পড়াশোনার উদ্দেশ্যে ‘এফ-১’ (F-1) ভিসার আবেদনকারী এক ভারতীয় শিক্ষার্থী দালাল বা এজেন্টের চরম প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রতি রেডিট (Reddit) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ওই শিক্ষার্থী অভিযোগ করেন যে, ভিসা ইন্টারভিউয়ের জন্য তার এজেন্ট অতিরিক্ত ২০ হাজার রুপি (প্রায় ২৩০ ডলার) দাবি করে। কিন্তু এই অন্যায্য অর্থ দিতে অস্বীকৃতি জানালে ওই এজেন্ট তার ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করে দেয়।
রেডিটের ওই পোস্ট অনুযায়ী, ওই শিক্ষার্থীর ‘আই-২০’ (I-20) ফর্মে ক্লাস শুরুর তারিখ ছিল ৩১ আগস্ট, ২০২৬। তবে এর আগে ইন্টারভিউয়ের কোনো স্লট না পাওয়ায় এজেন্ট তাকে ২০২৭ সালের জানুয়ারি সেশনে ভর্তির পরামর্শ দেয়। পরে হঠাৎ করেই ওই এজেন্ট জানায় যে, ১৯ অক্টোবরের জন্য একটি ইন্টারভিউ স্লট পাওয়া গেছে, তবে এর জন্য অতিরিক্ত ২০ হাজার রুপি দিতে হবে।
এটি সরকারি কোনো ফি কি না, তা নিয়ে সন্দিহান হয়ে শিক্ষার্থী টাকা দিতে অস্বীকৃতি জানালে এজেন্ট সরাসরি অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করে দেয় এবং শিক্ষার্থী এর কনফার্মেশনও পান। বর্তমানে মার্কিন ভিসা পোর্টালে তার আবেদনটি ‘ওপেন’ দেখালেও মুম্বাইয়ের জন্য কোনো স্লট খালি নেই।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, এফ, এম এবং জে ভিসার জন্য সরকারি আবেদন ফি ১৮৫ ডলার। এর বাইরে শিক্ষার্থীদের ‘সেভিস’ (SEVIS) ফি দিতে হলেও ‘অ্যাপয়েন্টমেন্ট ফি’ নামে ২৩০ ডলারের কোনো সরকারি চার্জ নেই। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS) আবেদনকারীদের সতর্ক করে আসছে।
সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা সরকারি কর্মকর্তাদের সাথে বিশেষ যোগাযোগের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো মূলত প্রতারক চক্র।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী এখন নিজে থেকেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন, নাকি নতুন আই-২০ ফর্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন—তা নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন।