বিজ্ঞাপন
নিউইয়র্কে নারীদের রাতের সাবওয়ে ভ্রমণ নিয়ে বিতর্ক, কেউ বলছেন নিরাপদ, কেউ সতর্ক
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্ক শহরের মতো একটি ব্যস্ত নগরীতে সাবওয়েতে যাতায়াতের জন্য কত রাতকে 'অতিরিক্ত রাত' বলা যায়—এমন প্রশ্নে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। টিকটক ব্যবহারকারী বেকা তার এক ভিডিওতে জানতে চান, নিউইয়র্কে বসবাসকারী যাত্রীদের জন্য রাতে সাবওয়ে ব্যবহারের সর্বশেষ সময় কোনটি।
বেকা নিজে শনিবার মধ্যরাতের পর সাবওয়েতে যাতায়াত করাকে নিরাপদ মনে করেন। তিনি জানান, এলাকা, গন্তব্য এবং স্টেশন থেকে বাসার দূরত্বের মতো বিষয়গুলো রাতে সাবওয়েতে যাতায়াতের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। যদিও মন্তব্যের ঘরে অনেকেই তাকে সতর্ক করে জানিয়েছেন যে, এটি একটি অনিরাপদ সিদ্ধান্ত হতে পারে।
এই বিতর্কে নেটিজেনরা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। একা যাতায়াতকারী অনেক নারীর মতে, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাবওয়ে ব্যবহার করা উচিত নয়। তবে দলবেঁধে থাকলে যে কোনো সময়ই সাবওয়েতে ওঠা যায় বলে মনে করেন কেউ কেউ। অন্যদিকে, ভিন্ন মতও রয়েছে।
একজন নারী মন্তব্য করেছেন যে, তিনি সাবওয়ের চেয়ে উবার বা অন্যান্য রাইড-শেয়ারিং চালকদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার ভয়ে বেশি থাকেন, তাই দিন বা রাতের যে কোনো সময় তিনি সাবওয়েতেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাসকারী এক বাসিন্দা তার অভিজ্ঞতার আলোকে জানান, রাতে একা যাতায়াতের ক্ষেত্রে পাগল বা ভবঘুরেদের চেয়েও সেইসব পুরুষদের বেশি এড়িয়ে চলা প্রয়োজন যারা নির্জন পরিবেশে নারীদের একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে। সাবওয়েতে নিরাপত্তার কৌশল হিসেবে অনেকে রাত ১১টার পর ফাঁকা প্ল্যাটফর্মে না দাঁড়ানোর এবং সবসময় ট্রেনের মাঝখানের বগিতে অপারেটরের কাছাকাছি বসার পরামর্শ দিয়েছেন।
সামাজিক মাধ্যমের এই বিতর্কের পেছনে থাকা নিরাপত্তা শঙ্কাগুলোর বাস্তব ভিত্তিও রয়েছে। পরিসংখ্যান বলছে, ১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউইয়র্ক ট্রানজিটে বছরে গড়ে দুটি খুনের ঘটনা ঘটলেও, ২০২০ সালের পর থেকে এই সংখ্যা বেড়ে গড়ে সাতটিতে দাঁড়িয়েছে।
চলতি বছরের আগস্ট পর্যন্ত গত বছরের তুলনায় সাবওয়েতে গুরুতর হামলার ঘটনা ১০ শতাংশ বেড়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৮৪ শতাংশ বেশি। বিশেষ করে 'জে (J) ট্রেন'-এর নিরাপত্তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। গত সপ্তাহেই এই ট্রেনে মেসিয়াস লোজানো নামের ৫৯ বছর বয়সী এক নির্মাণ শ্রমিক এক 'মানসিকভাবে বিকারগ্রস্ত' ব্যক্তির ছুরিকাঘাতে নিহত হন, যা এই বছর সাবওয়ে সিস্টেমে ঘটা ষষ্ঠ হত্যাকাণ্ডের ঘটনা।