বিজ্ঞাপন
নিউইয়র্কের কোলাহল ছেড়ে ইতালির পাহাড়ি গ্রামে, ৬৫ হাজার ডলারের বাড়িতে নতুন জীবন মার্কিন দম্পতির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্কের ব্যস্ত নগরজীবন পেছনে ফেলে ইতালির সিসিলির এক শান্ত পাহাড়ি গ্রামে মাত্র ৬৫ হাজার ডলারে বাড়ি কিনে স্থায়ী হয়েছেন এক মার্কিন দম্পতি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সম্পত্তি কেনার আগে তারা কখনো নিজের চোখে সেটি দেখেননি। ২০২০ সালে নিউইয়র্ক সিটিতে বসবাসকালে তারা সিসিলির মেলিল্লি গ্রামে এই বাড়িটি কেনার দুঃসাহসিক সিদ্ধান্ত নেন।
স্থানীয় একটি সিসিলিয়ান-ব্রিটিশ দম্পতির সহায়তায় সাতটি প্রপার্টি দেখার পর ঐতিহাসিক এলাকার এই দুই বেডরুমের বাড়িটি তাদের মন কাড়ে।
তৎকালীন বাজারদর অনুযায়ী ৫৭ হাজার ইউরো বা প্রায় ৬৫ হাজার মার্কিন ডলারে কেনা এই বাড়িটির অন্যতম আকর্ষণ ছিল এর ছাদের বড় টেরেস। সেখান থেকে ভূমধ্যসাগর ও মাউন্ট এটনার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। বাড়িটিতে শুধু রান্নাঘরটি নতুন করে সাজানোর প্রয়োজন ছিল।
২০২২ সালে প্রথমবার সেখানে গিয়ে এই দম্পতি মুগ্ধ হয়ে যান। নিউইয়র্কের অ্যাপার্টমেন্টের তুলনায় এই প্রশস্ত বাড়ি, গ্রামের শান্ত পরিবেশ, স্থানীয়দের আন্তরিকতা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তাদের সিদ্ধান্তকে আরও দৃঢ় করে।
সিসিলিতে দুই মাস কাটানোর পর তারা নিউইয়র্কে ফিরে গেলেও সেখানকার যান্ত্রিক জীবনের সাথে আর নিজেদের মানিয়ে নিতে পারেননি। অবশেষে প্রায় এক বছর ধরে সব প্রস্তুতি সম্পন্ন করে তারা পাকাপাকিভাবে সিসিলিতেই পাড়ি জমান। বর্তমানে মেলিল্লি গ্রামেই বসবাস করছেন এই দম্পতি, আর নিউইয়র্কের কোলাহল ছেড়ে ইতালির এই শান্ত পাহাড়ি জনপদকেই বেছে নিয়েছেন নিজেদের স্বপ্নের নতুন ঠিকানা হিসেবে।