Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুল থেকে এক বছরে নিষিদ্ধ প্রায় ১২ হাজার বই, বাদ পড়েনি বিশ্বখ্যাত ক্ল্যাসিকও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম

যুক্তরাষ্ট্রে স্কুল থেকে এক বছরে নিষিদ্ধ প্রায় ১২ হাজার বই, বাদ পড়েনি বিশ্বখ্যাত ক্ল্যাসিকও

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রেকর্ড প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ করা হয়েছে, যা দেশটির ইতিহাসে একক কোনো শিক্ষাবর্ষে সর্বোচ্চ। মুক্ত মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘পেন আমেরিকা’ (PEN America)-এর বার্ষিক প্রতিবেদন “ব্যান্ড ইন দ্য ইউএসএ”-তে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ে মোট ১১ হাজার ৯৮২টি বই নিষিদ্ধের ঘটনা ঘটেছে, যা ৭ হাজার ৩৭০টি আলাদা বই এবং চার হাজারের বেশি লেখক, চিত্রশিল্পী ও অনুবাদককে প্রভাবিত করেছে। ২০২১ সালের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩৪ হাজার বই নিষিদ্ধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা দেশটিতে বই নিষিদ্ধের প্রবণতা স্বাভাবিক নিয়মে পরিণত হওয়ার ইঙ্গিত দেয়।

এ বছর সবচেয়ে বেশি বই নিষিদ্ধ করা হয়েছে টেক্সাস অঙ্গরাজ্যে। রাজ্যটিতে ৮ হাজার ১০০টিরও বেশি বই লাইব্রেরি ও পাঠ্যসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার মূলে রয়েছে সেখানকার বিতর্কিত ‘এসবি১৩’ (SB13) আইন। এর আগের তিন বছর এই তালিকার শীর্ষে ছিল ফ্লোরিডা অঙ্গরাজ্য।

রক্ষণশীল রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের চাপের মুখে এবার মোট ১১৪টি স্কুল ডিস্ট্রিক্ট বই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্কুল প্রশাসনগুলো এখন কোন বই বাতিল করা হবে তা নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। স্বয়ংক্রিয়ভাবে দ্রুত একাধিক বই স্ক্যান ও চিহ্নিত করার সুবিধার কারণেই নিষেধাজ্ঞার সংখ্যা এতো নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

নিষিদ্ধের এই তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষে রয়েছেন প্রখ্যাত লেখক স্টিফেন কিং; তার বই মোট ৩১২ বার বিভিন্ন স্কুল থেকে প্রত্যাহার করা হয়েছে। একক বই হিসেবে সবচেয়ে বেশি নিষিদ্ধ হয়েছে নেপালের এক কিশোরীকে যৌনদাসী হিসেবে বিক্রির বাস্তব কাহিনি নিয়ে রচিত উপন্যাস ‘সোল্ড’।

এছাড়া মার্গারেট অ্যাটউডের ‘দ্য হ্যান্ডমেইডস টেল’, ধর্ষণের ট্রমা নিয়ে লেখা ‘স্পিক’ এবং মাদকাসক্তি নিয়ে রচিত ‘ক্র্যাঙ্ক’-এর মতো জনপ্রিয় বইগুলো বারবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এমনকি ১৯ শতকের বিশ্বখ্যাত ধ্রুপদী উপন্যাস ‘জেন আয়ার’ এবং জাপানি মাঙ্গা সিরিজ ‘টোকিও ঘুল’-এর মতো জনপ্রিয় রচনাও বাদ পড়েনি।

বর্ণবাদ, যৌনতা ও জেন্ডার পরিচয়ের মতো বিষয়গুলো থাকার কারণেই মূলত এসব বই সরানো হচ্ছে, যার তীব্র সমালোচনা করে বাকস্বাধীনতাকামীরা বলছেন, এটি শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও জানার পরিধিকে মারাত্মকভাবে সংকুচিত করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার