বিজ্ঞাপন
পাকিস্তানের ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা সফল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ এএম
বিজ্ঞাপন
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা করেছে পাকিস্তান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তান সেনাবাহিনী শাখা জানায়, উন্নত অ্যাভিওনিকস ও অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত এই অস্ত্র ব্যবস্থা দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতা ও ধ্বংসক্ষমতার সঙ্গে আঘাত হানতে সক্ষম।
আইএসপিআর আরও জানায়, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সাবসিস্টেমের অতিরিক্ত কারিগরি সক্ষমতাও যাচাই করা হয়েছে। এসব সাবসিস্টেম ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি টিকে থাকার সক্ষমতা উন্নত করতে যুক্ত করা হয়েছে।
আইএসপিআর জানায়, আজকের উৎক্ষেপণটি পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি উন্নয়নকারী সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রত্যক্ষ করেছেন। সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানরা অভিনন্দন জানিয়েছেন।
তারা এই মাইলফলক অর্জনে অবদান রাখা সবার প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন। চলতি বছরের মে মাসে ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের পর এবার এর বর্ধিত সংস্করণের পরীক্ষা চালানো হলো। এর আগে চলতি বছরের শুরুর দিকে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালায়।
২৮ এপ্রিল দেয়া এক বিবৃতিতে আইএসপিআর জানায়, কৌশলগত পরিকল্পনা বিভাগ, আর্মি রকেট ফোর্স কমান্ড ও পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরা ওই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এর এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাইমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল সরাসরি উৎক্ষেপণ পরীক্ষা চালায়। এটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি জাহাজবিধ্বংসী অস্ত্র ব্যবস্থা।