বিজ্ঞাপন
স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী, মোবাইলের চ্যাটিংয়ে হত্যার রহস্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম
বিজ্ঞাপন
ভারতের উত্তরপ্রদেশের মীরাট জেলায় প্রেমিকের সহায়তা নিয়ে নিজের স্বামীকে হত্যা করেছেন এক নারী। হৃদরোগে স্বামীর মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়েছিলেন তিনি। তবে, তার স্বামীর মোবাইলে থাকা চ্যাটিং থেকে ফাঁস হয়ে যায় তার পরকীয়া প্রেম ও স্বামীকে হত্যার কথা।
ঘটনাটি ঘটে মীরাটের লোহিয়ানগরে। ভুক্তভোগী তালিব (৩০) ও তার স্ত্রী ইলমার চার বছরের সংসারে একটি মেয়ে শিশু রয়েছে।
হত্যাকণ্ডের দিন ইলমা তার বড় ভাই আকরামকে ফোন দিয়ে জানান যে, তার স্বামী তালিব কাজ থেকে বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিছানায় শোয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক ভেবে পরিবার তার দাফন সম্পন্ন করে। তবে, পরিবারের সদস্যদের মধ্যে পরবর্তীতে তালিবের মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হতে থাকে।
চলতি মাসের ১ তারিখ তালিবের আত্মীয় রইছ ইলমাদের বাড়ি আসেন। তালিবের মৃত্যুর পর তার মোবাইল ইলমা লুকিয়ে রাখলেও রইছ তালিবের পুরনো কাপড়ের স্তূপের নিচে মোবাইল ফোনটি দেখতে পান। এতে তিনি তালিব ও আমান নামে এক ব্যক্তির মধ্যে চ্যাটিং দেখেন। সেখানে তার স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ না করার জন্য তালিব আমানকে সতর্ক করছিলেন। পরে এ নিয়ে প্রশ্ন করা হলে ইলমা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।
ইলমা এ সময় জানান, তালিব তাকে প্রায়ই মারধর করতেন। সেপ্টেম্বরের ২৮ তারিখ এমন এক ঘটনার পর তিনি তার প্রেমিক আমানকে ফোন করেন। আমান তার এক বন্ধুকে নিয়ে আসেন। পরে ইলমাসহ তারা তিনজন তালিবকে মারধর করেন। এক পর্যায়ে তালিবের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন আমান। তিনি ইলমাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন।
মীরাটের কোতয়ালির সার্কেল পুলিশ কর্মকর্তা সংগ্রাম সিং বলেছেন, এ ঘটনার একটি প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। আজ (মঙ্গলবার) তালিবের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ইলমা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।