বিজ্ঞাপন
নিউইয়র্কে ৭ কোটি ডলারের জাল নোট চক্রের দুই হোতার বাড়ি নিলামে, ২৫ কোটির বাড়ি বিক্রি শুরু ৯ কোটিতে
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম
বিজ্ঞাপন
নিউইয়র্কের ফরেস্ট হিলসে অবস্থিত একটি বিলাসবহুল বাড়ি আগামী ২৩ অক্টোবর নিলামে উঠতে যাচ্ছে। বাড়িটির মালিক দুই ভাই এডুয়ার্ড ও আরকাডি ব্যাঙ্গিয়েভ, যারা একসময় ৭ কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক জাল নোট চক্রের সাথে জড়িত ছিলেন। আড়াই মিলিয়ন বা প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই বাড়িটির নিলাম শুরু হবে ৯ লাখ ডলার বা প্রায় ৯ কোটি টাকা থেকে। দুই দশকেরও বেশি সময় আগে ভাইরা বাড়িটি যে দামে কিনেছিলেন, এটি তার চেয়ে মাত্র ৫০ হাজার ডলার বেশি।
১৯৩০ সালে নির্মিত ৩,৫৭২ বর্গফুটের এই দোতলা বাড়িটিতে রয়েছে পাঁচটি বেডরুম, সাড়ে চারটি বাথরুম, একটি ঢাকা বারান্দা, সনা এবং দুটি গাড়ি রাখার গ্যারেজ। এছাড়াও এর বেসমেন্টে অতিরিক্ত একটি বেডরুম ও বাথরুম রয়েছে। প্রায় ৫ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত এই সম্পত্তিটি ট্রেজারি ডিপার্টমেন্টের অধীনে 'যেমন আছে তেমন' বা 'অ্যাজ-ইজ' শর্তে বিক্রি করা হবে।
বাড়িটির পেছনে রয়েছে জালিয়াতি ও অপরাধের এক দীর্ঘ ইতিহাস। ২০০৩ সালে ব্যাঙ্গিয়েভ ভাইরা ৮ লাখ ৫০ হাজার ডলারে বাড়িটি কেনেন। ২০০৪ সাল থেকে তারা জাল নোট তৈরি ও বিতরণের এক বিশাল চক্রের সাথে জড়িয়ে পড়েন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে তৈরি এসব উচ্চমানের জাল নোট যন্ত্রপাতি বহনকারী শিপিং কন্টেইনারে লুকিয়ে পাচার করা হতো।
জাস্টিস ডিপার্টমেন্টের তথ্যমতে, তাদের এই চক্র প্রতি তিন মাসে প্রায় ৩০ লাখ ডলারের জাল নোট যুক্তরাষ্ট্রে নিয়ে আসত এবং বিশ্বব্যাপী ৮ কোটি ডলারেরও বেশি জাল নোট ধরা পড়েছিল বা ছড়িয়ে পড়েছিল।
এই ভাইদের লং আইল্যান্ডে একটি গয়নার দোকান এবং ম্যানহাটনে সোনার ব্যবসা ছিল, যা দিয়ে তারা এই জাল নোট চক্রের অর্থায়ন করতেন। ২০১৫ সালে তারা অপরাধ স্বীকার করেন এবং তাদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হয়। তাদের এই অপরাধের সূত্র ধরেই ফরেস্ট হিলসের বাড়িটি বাজেয়াপ্ত করা হয়।
তবে বাড়িটির মালিকানা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলেছে। এর আগে ১০ লাখ ডলারের একটি আলাদা গয়না জালিয়াতির মামলাতেও বাড়িটি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। ভাইদের পাশাপাশি তাদের বোন ইলানা এবং এডুয়ার্ডের স্ত্রী ইরিনাও এই বাড়ির মালিকানার দাবিদার ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত সরকারের অনুকূলে বাড়ির দুই-তৃতীয়াংশ মালিকানা রায় দেয় এবং অবশেষে এটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১১ ও ১৮ অক্টোবর বাড়িটি পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে এবং নিলামে অংশ নিতে হলে দেড় লাখ ডলার আমানত জমা দিতে হবে।