Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ব্যাগ দেখতে চাইলে রেগে যান নারী, তল্লাশির পর যা পাওয়া গেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

ব্যাগ দেখতে চাইলে রেগে যান নারী, তল্লাশির পর যা পাওয়া গেল

বিজ্ঞাপন

ভারতের উত্তরপ্রদেশের নয়ডার একটি শপিংমলে ব্যাগ তল্লাশি নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক নারীর তর্কাতর্কির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরে ওই নারীর ব্যাগ পরীক্ষা করে ঘি ও রান্নার তেলের বোতল পাওয়ার দাবি করেছে শপিংমল কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

রোববার (৪ অক্টোবর) নয়ডার লা মার্শ মলে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শপিংমলের দুই নিরাপত্তাকর্মী এক নারীকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। এ সময় ওই নারী হাত দিয়ে মুখ ঢেকে রাখেন।

শপিংমল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তাকর্মীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। পরে মলের গেট দিয়ে বের হওয়ার সময় তাকে থামানো হয়। নিরাপত্তাকর্মীরা তার ব্যাগ দেখতে চাইলে তিনি আপত্তি করেন এবং এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শপিংমলের আরও কয়েকজন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলে আসেন। এরপর সংশ্লিষ্ট কর্মীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। সেখানে ওই নারীকে একটি এক কেজির ঘিয়ের বোতল এবং এক লিটার রান্নার তেলের বোতল ব্যাগে রাখতে দেখা যায় বলে কর্তৃপক্ষের দাবি।

এরপর ওই নারীর ব্যাগ নেওয়া হয় এবং একজন নারী নিরাপত্তাকর্মী তাকে শপিংমলের ভেতরে নিয়ে যান। সেখানে অন্য ক্রেতাদের উপস্থিতিতেই তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে ঘি ও তেলের বোতল বের করে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনটি অংশে ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দাবি করা হয়েছে, ওই নারী এক মাসেরও বেশি সময় ধরে শপিংমলটিতে আসছিলেন। এর মধ্যে বেশ কয়েকবার তিনি পণ্য চুরি করেছেন বলে কর্তৃপক্ষের সন্দেহ ছিল।

শপিংমলের এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, একজন কর্মচারী সিসিটিভি ফুটেজ যাচাই করতে গিয়ে ওই নারীর কথিত চুরির বিষয়টি শনাক্ত করেন। কর্মচারীদের বক্তব্যে আরও দাবি করা হয়েছে, এর আগে ওই নারী শপিংমলটি থেকে কয়েক হাজার রুপির ঘি ও অন্যান্য মুদি পণ্য নিয়ে গেছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ প্রশ্ন তুলেছেন, আর্থিকভাবে স্বচ্ছল বা ভালো পরিবারের একজন মানুষ কেন ঘি কিংবা রান্নার তেলের মতো পণ্য চুরি করবেন।

আবার কেউ কেউ ধারণা করছেন, ওই নারী হয়তো ‘ক্লেপ্টোম্যানিয়া’ নামের একটি মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রয়োজন না থাকলেও চুরি করার প্রবল তাড়না দেখা দিতে পারে। তবে ওই নারী আসলে কেন পণ্যগুলো নিয়েছিলেন বা তার আচরণের পেছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার দিন সন্ধ্যায় ওই নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে শপিংমলে যান বলে জানা গেছে। কিছুক্ষণ কেনাকাটার পর তার স্বামী যখন কাউন্টারে ছিলেন, তখন ওই নারী একাই মলের বাইরে যাওয়ার দিকে এগিয়ে যান।

গেটের কাছে পৌঁছালে একজন নিরাপত্তাকর্মী তার ব্যাগ পরীক্ষা করতে চান। এতে ওই নারী রাজি না হয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্ক শুরু করেন। একপর্যায়ে সেখানে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কর্তৃপক্ষ ওই নারীর বিরুদ্ধে পণ্য নেওয়ার অভিযোগের বিষয়টি যাচাই করে। এরপর ব্যাগ তল্লাশি করা হলে সেখান থেকে ঘি ও রান্নার তেলের বোতল পাওয়া যায় বলে দাবি করা হয়।

তবে শেষ পর্যন্ত ওই নারী পণ্য দুটির মূল্য পরিশোধ করেন। এরপর ঘটনাটি আর এগোয়নি এবং সেখানেই বিষয়টির মীমাংসা হয়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। একইভাবে তিনি কী কারণে পণ্যগুলো ব্যাগে রেখেছিলেন, সে বিষয়টিও নিশ্চিতভাবে জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার