বিজ্ঞাপন
নিউইয়র্কে লিটনের ব্যতিক্রমী উদ্যোগ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ এএম
বিজ্ঞাপন
স্বপ্নের দেশ আমেরিকার ব্যস্ত শহর নিউইয়র্ক। আর এই নিউইয়র্কের অন্যতম প্রাণকেন্দ্র ও অভিজাত এলাকা ইয়ংকার্স। উঁচু উঁচু ভবন, কর্মব্যস্ত জীবন আর নানা সংস্কৃতির মেলবন্ধনে মুখরিত এই শহরে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে স্বমহিমায় বিকশিত হয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি তোফায়েল চৌধুরী লিটন।
বৃহত্তর সিলেটের এই কৃতী সন্তান কেবল নিজের ভাগ্যের চাকা ঘোরাননি, বরং পরবাসের মাটিতে ব্যতিক্রমী উদ্যোগে বাংলাদেশের সুনাম, সংস্কৃতি ও ঐতিহ্যকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ব্যবসায়ী ও ঠিকাদারি প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বুকে প্রতিষ্ঠিত হয়েছে এক টুকরো বাংলাদেশ।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বুকে তিল তিল করে গড়ে ওঠা এই সাফল্য শুধু তোফায়েল চৌধুরীর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য এক গর্বের অধ্যায়। সততা, কর্মনিষ্ঠা আর দেশের প্রতি ভালোবাসার এই গল্প বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা তাদের।
তোফায়েল চৌধুরী লিটনের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা প্রবাসের মাটিতে এসেও দেশের প্রতি ভালোবাসা কমেনি। বরং দেশীয় মূল্যবোধকে আঁকড়ে ধরে আজ এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে এক সময়ের রিয়েল স্টেট ব্যবসায়ী লিটনের এই উত্থান সহজ ছিলো না। আজ থেকে প্রায় ছয় বছর আগের কথা। নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে কাপড়ের ব্যবসা আর ফুড বিজনেসের সাথে যুক্ত ছিলেন তোফায়েল চৌধুরী লিটন। কিন্তু গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করার তীব্র তাগিদ থেকেই জন্ম নেয় তার ব্যতিক্রমী স্বপ্ন।
নিউইয়র্ক স্টেট সরকারের ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমিয়ে আনার বিশাল পাইলট প্রকল্পের সাথে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে যাত্রা শুরু করে ‘গ্রি মেকানিক্যাল ইয়াং কার্স’। দীর্ঘদিনের ইলেকট্রনিক ব্যবসার জন্য জমি কিনে দশ হাজার স্কয়ার ফুটের বিশাল জায়গাজুড়ে হোলসেল ডিপো তৈরি করেছেন। দৈনিক প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করা হচ্ছে। তাছাড়া আমদানিকৃত পণ্য রাখার জন্য ৪০ হাজার স্কয়ার ফুটের বিশাল ওয়্যার হাউজ নির্মাণ করেছেন। এখন এই ব্যবসা অনলাইনে পুরো আমেরিকা জুড়ে চালু করতে চান। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি আবারও রেস্টুরেন্ট ব্যবসার দিকে যেতে চান তোফায়েল চৌধুরী লিটন।
শুরুর পথটা সহজ না থাকলেও নেতৃত্বে সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততাকে পুঁজি করে ধীরে ধীরে তিনি জায়গা করে নেন মূলধারার বাজারে। আমেরিকান ও চীনা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থেকে তার প্রতিষ্ঠান অর্জন করেছে মর্যাদাপূর্ণ গোল্ড কন্ট্রাক্টরের স্বীকৃতি। বর্তমানে নিউইয়র্ক স্টেট ও এর আশপাশের এলাকায় হিটিং এবং কুলিং সিস্টেমে সরকারি ফান্ডিং ও সুবিধাগুলো অত্যন্ত সফলভাবে কাস্টমারদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।
ব্যবসায়ী তোফায়েল চৌধুরী জানান, নিউইয়র্ক সিটির প্রজেক্ট থেকে তার প্রতিষ্ঠান ফ্রি ড্রয়ার দেওয়া হচ্ছে। এই প্রজেক্ট চালু করা হয় নিউইয়র্ক সিটিতে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে। অন্য কমিউনিটির লোকজন এই সুযোগ গ্রহণ করছে বলে জানান তিনি।
এছাড়া বাংলাদেশের বর্তমান সরকার দেশকে একটি গ্রিন অ্যান্ড ক্লিন পরিবেশবান্ধব রাষ্ট্রে রূপান্তর করতে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করতে চান এই প্রবাসী উদ্যোক্তা।
ব্যবসার সফল সাম্রাজ্য দুই দশকেরও বেশি সময় আগের কথা। বুকভরা স্বপ্ন আর অদম্য মানসিকতা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তোফায়েল চৌধুরী লিটন। কঠোর পরিশ্রম, সততা আর সঠিক দিকনির্দেশনায় আজ তিনি নিউইয়র্কের ব্যবসায়ী মহলে এক সুপরিচিত ও শ্রদ্ধেয় নাম। এখানে তিনি গড়ে তুলেছেন একাধিক সফল ব্যবসা প্রতিষ্ঠান। তার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের এক বড় আশ্রয়স্থল। তার প্রতিষ্ঠানগুলোতে তৈরি হয়েছে কর্মসংস্থান, যেখানে অনেক বাংলাদেশি ভাই-বোন কাজ করে সম্মানজনক জীবিকা নির্বাহ করছেন। প্রবাসের ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ জীবনে নতুন আসা বাংলাদেশিদের জন্য তিনি যেন এক নির্ভরযোগ্য বটবৃক্ষ।
তোফায়েল চৌধুরী লিটনের মূল পরিচয় কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবে নয়; প্রবাসী সমাজে তার সবচেয়ে বড় পরিচয় একজন নীরব সংস্কৃতি-দূত ও দেশপ্রেমিক হিসেবে। বিদেশি ব্যবসায়ী ও স্থানীয় মার্কিন গ্রাহকদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে তিনি গ্রহণ করেছেন নানামুখী ও ব্যতিক্রমী পদক্ষেপ।
তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ে এক ভিন্ন আবহ। সেখানে কেবল বাণিজ্যের লেনদেন হয় না, বরং অতি সূক্ষ্ম ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের রূপ, সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্য। ছয়টি ডেলিভারি ভ্যানে বাংলা হরফে লেখা রয়েছে ‘এ আই মাইডিয়া মেকানিক্যাল কর্প’ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
স্থানীয় আমেরিকান গ্রাহকরা যখন লিটনের প্রতিষ্ঠানে আসেন, তখন ব্যবসার পাশাপাশি লিটনের আতিথেয়তা ও কথায় উঠে আসে বাংলাদেশের ইতিবাচক গল্প। দেশের হস্তশিল্প, সুস্বাদু খাবার আর আতিথেয়তার ঐতিহ্যকে তিনি রূপ দিয়েছেন নিজের ব্যবসায়িক দর্শনে। এতে করে বহুজাতিক সংস্কৃতির এই শহরে আমেরিকানদের মাঝে তৈরি হয়েছে বাংলাদেশ সম্পর্কে এক গভীর কৌতূহল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
সম্প্রতি ইয়ংকার্সে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে কথা হয় এই প্রতিবেদকের সাথে। অত্যন্ত বিনয়ী ও প্রচারবিমুখ এই ব্যবসায়ী আলাপচারিতায় তুলে ধরেন তার স্বপ্নের কথা।
তোফায়েল চৌধুরী লিটন বলেন, ‘ব্যবসা করে অর্থ উপার্জন তো অনেকেই করে, কিন্তু বিদেশের মাটিতে নিজের দেশকে সঠিক ও সুন্দরভাবে তুলে ধরার মধ্যে যে আত্মতৃপ্তি তা অন্য কিছুতে নেই। আমেরিকানরা যখন আমার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে চেনে, আমাদের দেশের মানুষের কঠোর পরিশ্রম আর আতিথেয়তার প্রশংসা করে, তখন মনে হয় প্রবাসী হিসেবে আমার কষ্ট সার্থক।’
বিদেশের মাটিতে তোফায়েল চৌধুরী লিটনের এই পথচলা কেবল তার একার সাফল্য নয়, এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আত্মমর্যাদার প্রতীক। ইয়ংকার্সের মতো অভিজাত এলাকায় ব্যবসা পরিচালনা করে একদিকে যেমন তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছেন, তেমনি অন্যদিকে লাল-সবুজের পতাকাকে শ্রদ্ধার সাথে তুলে ধরছেন আন্তর্জাতিক অঙ্গনে।
তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও দেশপ্রেম নিউইয়র্কে বসবাসরত উদীয়মান তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। প্রবাসে থেকেও যে দেশকে ভালোবাসার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের পরিচয়কে উজ্জ্বল করা যায়, তোফায়েল চৌধুরী লিটন তার বাস্তব ও সফল উদাহরণ।
ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে এটি এখন একটি পূর্ণাঙ্গ গ্রুপ অব কোম্পানিতে রূপ নিয়েছে। হিটিং ও কুলিং ইনস্টলেশনের জন্য রয়েছে আলাদা সিস্টেম্যাটিক টিম ‘এআই মাইডিয়া মেকানিক্যাল’।
এছাড়া সম্প্রতি বিশাল জায়গাজুড়ে চালু হয়েছে ‘নর্থ আমেরিকা হিটিং অ্যান্ড কুলিং ইলেকট্রিক্যাল সাপ্লাই হাউস’। যার মাধ্যমে বাংলাদেশি ও আমেরিকান ঠিকাদারদের কাছে পাইকারি মূল্যে সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তাদের কেন্দ্রীয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ করেন তারা। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও রয়েছে অফিস। বর্তমানে এই প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫ থেকে ৪৭ জন দক্ষ কর্মী নিয়মিত কাজ করছেন। যা চলতি মাসেই পঞ্চাশে উন্নীত হবে বলে জানান তোফায়েল চৌধুরী লিটন।