Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

লন্ডনে জমকালো আয়োজনে ১৭তম কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬

৪১টি পুরস্কারে সম্মানিত ব্রিটিশ কারি শিল্পের সেরা রেস্তোরাঁ, শেফ ও টেকঅ্যাওয়ে

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ এএম

লন্ডনে  জমকালো আয়োজনে ১৭তম কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬

বিজ্ঞাপন

ব্রিটেনের বহুসাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা কারি শিল্পের সাফল্য, শ্রম ও অবদানের স্বীকৃতি দিতে লন্ডনে অনুষ্ঠিত হলো ১৭তম কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় লন্ডনের অভিজাত মেফেয়ার এলাকার পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল লন্ডন পার্ক লেন হোটেলে বসে কারি শিল্পের সেরাদের মিলনমেলা। বর্ণাঢ্য এ আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেস্তোরাঁ উদ্যোক্তা, শেফ, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা অংশ নেন। বিবিসির জনপ্রিয় সাংবাদিক জন কে ও লাক্সমি গোপাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে পাঁচ শতাধিক অতিথির সমাগম ঘটে।

এবার চারটি বিভাগে মোট ৪১টি পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো— সেরা রেস্তোরাঁ, সেরা শেফ, সম্পাদকীয় বিশেষ সম্মাননা এবং সেরা টেকঅ্যাওয়ে। হাজারো গ্রাহকের ভোট এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হয় এবারের বিজয়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার। এছাড়া লয়েড হ্যাটন, গিডিওন অ্যামোস ওবিই, শওকত আদম ও রুশনারা আলীসহ বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

সংকট ও সম্ভাবনার মুখে কারি শিল্প

অনুষ্ঠানে কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, মজুরি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি অভিবাসন নীতির পরিবর্তনের কারণে দক্ষ কর্মীর সংকট ব্রিটিশ কারি শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ শিল্পের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করতে আরও কার্যকর সহায়তা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

কারি লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অসংখ্য অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা কাজ করছেন। তাঁদের কঠোর পরিশ্রম ও সাফল্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহিত করাই কারি লাইফ অ্যাওয়ার্ডসের অন্যতম উদ্দেশ্য।

প্রায় ৪ বিলিয়ন পাউন্ডের ব্রিটিশ কারি শিল্পে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। কয়েক দশকের শ্রম, মেধা ও উদ্যোক্তা-সাহসের মধ্য দিয়ে তাঁরা ব্রিটিশ খাবারের সংস্কৃতিতে কারিকে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছেন।

পুরস্কারের ঝলকে যারা

সম্পাদকীয় বিশেষ সম্মাননা: সারে প্যালেস, লালাস রেস্তোরাঁ, মনসুন ম্যাজেস্টিক ইন্ডিয়ান ডাইনিং, রিভারসাইড স্পাইস, ডাউনহ্যাম তান্দুরি, চেন্নাই ইন্ডিয়ান কুইজিন, সেলিব্রিটিজ ইন্ডিয়ান রেস্তোরাঁ, দ্য এবারডেইল পাব অ্যান্ড গ্রিল, আমনি চেস্টার ও আই-নাগা রেস্তোরাঁ।

সেরা রেস্তোরাঁ: দিলরাজ রেস্তোরাঁ, রয়্যাল মাসালা, দ্য বোম্বে, ইভশাম বালতি, দ্য ভাইসরয়, জালাপারি অব উডলি, চৌরঙ্গী ইন্ডিয়ান কুইজিন, কিংস লিন তান্দুরি, কাভালি, লাসানি সাউথওয়েল, চিলিজ রেস্তোরাঁ, স্পাইস হেভেন, সিটন তান্দুরি, দা মাউন্ট গুর্খা, মালিহা অ্যান্ড তাজ, স্পাইস ভিলেজ, আরিয়া ইন্ডিয়ান রেস্তোরাঁ, মনসুন রেস্তোরাঁ ও স্পাইস মাস্টার।

সেরা শেফ: শেফ গয়াস উল্লাহ, শেফ আবদুল মালিক, শেফ শামসুল মিয়া, শেফ মোশাহিদ আলী (রাজ), শেফ সৈয়দ উসমানি, শেফ আবদুল মিয়া এবং শেফ সামির দেশাই লেস্টার।


সেরা টেকঅ্যাওয়ে: তাজ মহল নাইট, ক্লে ওভেন টেকঅ্যাওয়ে, হেনলো তান্দুরি, লিটল ইন্ডিয়া ও বে-লিফ টেকঅ্যাওয়ে।

কারি লাইফ মিডিয়া গ্রুপ আয়োজিত এবারের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল কোবরা বিয়ার, ওয়ার্ক পারমিট ক্লাউড, মিলগো ও হিলসাইড ট্রাভেলস।

সতেরো বছরের পথচলায় কারি লাইফ অ্যাওয়ার্ডস আজ ব্রিটিশ কারি শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে পরিণত হয়েছে। রান্নাঘরের নেপথ্যে থাকা শ্রম, অভিবাসী জীবনের সংগ্রাম, সৃজনশীলতা ও উদ্যোক্তার সাফল্যকে একই মঞ্চে সম্মান জানানোর মধ্য দিয়ে এবারের আয়োজনও যেন মনে করিয়ে দিল—কারি শুধু একটি খাবারের নাম নয়; এটি ব্রিটেনের বহুসাংস্কৃতিক সমাজ, অর্থনীতি ও অভিবাসী সাফল্যের এক জীবন্ত গল্প।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার