বিজ্ঞাপন
হাতে ১০ হাজার ডলার থাকলে এখন কোথায় বিনিয়োগ করবেন! যা বলছেন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
বিজ্ঞাপন
হাতে ১০ হাজার ডলার আছে, কিন্তু কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারছেন না? শেয়ারবাজার, সোনা, সরকারি বন্ড নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কোম্পানি—উচ্চ সুদের বর্তমান বাজারে এই প্রশ্ন এখন অনেক বিনিয়োগকারীর। এমন পরিস্থিতিতে আটজন বিনিয়োগ বিশেষজ্ঞ জানিয়েছেন, তাঁরা এখন ১০ হাজার ডলার হাতে পেলে কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজতেন।
বাজারের হিসাব বদলে যাওয়ার অন্যতম কারণ সুদের হার। যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদ বাড়ানোর চক্রের মুখোমুখি হচ্ছেন বিনিয়োগকারীরা। একই সময়ে মূল্যস্ফীতি, জ্বালানির বাড়তি দাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ বাজারে নতুন চাপ তৈরি করছে। ট্রেজারি বন্ডের ফলনও বহু বছরের উচ্চ পর্যায়ে উঠেছে। ফলে শুধু বেশি মুনাফার আশা নয়, ঝুঁকি সামলে কোথায় অর্থ রাখা যায়, সেটিও বড় বিবেচ্য হয়ে উঠেছে।
জেপিমরগ্যান প্রাইভেট ব্যাংকের বৈশ্বিক বিনিয়োগ কৌশলবিদ কৃতি গুপ্তা সুযোগ দেখছেন চারটি খাতে—ইউটিলিটি, শিল্প, প্রতিরক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান। তাঁর ধারণা, সুদের হার তুলনামূলক বেশি থাকলেও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার এখন পর্যন্ত স্থিতিশীলতা দেখিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে অবকাঠামো নির্মাণের প্রয়োজন শিল্প খাতকে সহায়তা করতে পারে। আর বেশি সুদের পরিবেশ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদ থেকে আয় বাড়াতে পারে।
তবে সিবার্ট ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক মালেকের কৌশল কিছুটা ভিন্ন। ১০ হাজার ডলার হলে তিনি ৩০ শতাংশ এসঅ্যান্ডপি ৫০০ সূচকে, ২০ শতাংশ এআই সংশ্লিষ্ট শেয়ারে এবং সবচেয়ে বড় অংশ—৩৫ শতাংশ—পাঁচ বছরের কম মেয়াদের মার্কিন ট্রেজারিতে রাখার কথা বলেছেন। বাকি ১৫ শতাংশ সোনা অথবা স্বল্পমেয়াদি ট্রেজারি বিলে রাখার পক্ষে তিনি। অর্থাৎ তাঁর কৌশলে প্রবৃদ্ধির সুযোগ নেওয়ার পাশাপাশি বাজারের ঝুঁকি সামলানোর ব্যবস্থাও রয়েছে।
ইউএস ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্টের রব হাওর্থ আবার ১০ হাজার ডলারের ৬৫ শতাংশ বৈশ্বিক শেয়ারে বিনিয়োগের কথা বলেছেন। এর বড় অংশ থাকবে যুক্তরাষ্ট্র ও উদীয়মান বাজারে। তাঁর পরিকল্পনায় আরও প্রায় ৩০ শতাংশ উচ্চমানের দীর্ঘমেয়াদি বন্ড এবং ৫ শতাংশ বৈশ্বিক অবকাঠামো খাতে রাখা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের সুযোগ ধরতেই শেষের এই বরাদ্দ।
আরেক বিশেষজ্ঞ কিয়ারান অসবর্নের নজর ইন্টারভ্যাল ফান্ডে। এসব তহবিল বিকল্প ও বেসরকারি সম্পদে বিনিয়োগ করে এবং সাধারণত নির্দিষ্ট সময় পরপর সীমিত পরিমাণ অর্থ তোলার সুযোগ দেয়। তাঁর মতে, স্বল্পমেয়াদি সুদ বাড়লে এসব তহবিলের আয়ও বাড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে—প্রয়োজনের সময় দ্রুত পুরো অর্থ তুলে নেওয়া কঠিন হতে পারে। অর্থাৎ সম্ভাব্য আয়ের পাশাপাশি তারল্যঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।
কনভেক্স ওয়েলথের মেলিসা কোরমেয়ার জ্বালানি ও প্রযুক্তি খাতে আরও সম্ভাবনা দেখছেন। অন্যদিকে ভ্যানগার্ডের কেভিন খাং মনে করছেন, এআই ঘিরে বাজার এমন পর্যায়ে এসেছে যেখানে শুধু খাত দেখে বিনিয়োগ করার বদলে সঠিক কোম্পানি বেছে নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোন প্রতিষ্ঠান এআই ব্যবহার করে বাস্তবে আয় বাড়াতে পারছে, সেই পার্থক্য এখন বিনিয়োগের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।
এডওয়ার্ড জোন্সের মোনা মাহাজানের পছন্দ যোগাযোগসেবা ও শিল্প খাত। আর ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের জেসন ড্রাহো এআই সংশ্লিষ্ট বিনিয়োগের মধ্যে সাইবার নিরাপত্তাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, শিল্প ও ভোক্তানির্ভর খাতেও তিনি সম্ভাবনা দেখছেন।
আট বিশেষজ্ঞের মত ভিন্ন হলেও একটি বিষয় পরিষ্কার—বর্তমান বাজারে ১০ হাজার ডলার এক জায়গায় রাখার বদলে বিভিন্ন ধরনের সম্পদ ও খাতে ভাগ করে বিনিয়োগের কৌশল গুরুত্ব পাচ্ছে। শেয়ার ও এআই থেকে প্রবৃদ্ধির সুযোগ নেওয়ার পাশাপাশি ট্রেজারি, বন্ড কিংবা সোনার মতো সম্পদ দিয়ে ঝুঁকি সামলানোর কথাও উঠে এসেছে তাঁদের পরামর্শে।
তবে কারও হাতে ১০ হাজার ডলার আছে বলেই এই বিনিয়োগ কৌশল হুবহু অনুসরণ করা উচিত নয়। বয়স, আয়, ঋণ, জরুরি সঞ্চয়, কতদিন অর্থ বিনিয়োগ করে রাখা সম্ভব এবং কতটা ঝুঁকি নেওয়া যায়—এসবের ওপর ব্যক্তিগত বিনিয়োগ সিদ্ধান্ত নির্ভর করে।