বিজ্ঞাপন
ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমায় বাড়ল সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বল তথ্যের কারণে অক্টোবরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা কমেছে। এতে বিনিয়োগকারীদের কাছে সুদ না দেওয়া সম্পদ সোনার আকর্ষণ বেড়েছে।
ফলে সোমবার সোনার দাম বেড়েছে।
রয়টার্স জানায়, বাংলাদেশ সময় সকাল ৭টা ৫০ মিনিটে প্রতি আউন্স স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৫৮ দশমিক ১৭ ডলারে উঠেছে। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে সোনার ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮৬ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে বেশি কমেছে।
একই সঙ্গে আগের দুই মাসের কর্মসংস্থানের হিসাবও বড় ধরনের সংশোধন করে কমানো হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দুর্বল শ্রমবাজারের তথ্য অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমিয়েছে। এতে সোনার দামে কিছুটা সমর্থন মিলছে। তবে অক্টোবরে সুদের হার না বাড়ালেও ফেড পরে তা বাড়াতে পারে বলে বাজারে ধারণা রয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন ২২ শতাংশ। এক সপ্তাহ আগে এ সম্ভাবনা ছিল ৬৪ শতাংশ। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো ৮৭ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা।
গত মাসে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তিন বছরের মধ্যে এটি ছিল প্রথম সুদের হার বৃদ্ধি।
এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও সোনার বাজারে প্রভাব ফেলছে। সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার রবিবার জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলে তারা বড় ধরনের সামরিক অভিযান শুরু করছে।
টিম ওয়াটারার বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সোনার বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেলের দাম ও মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়তে পারে। তেলের দাম, সুদের হার ও ফেডের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা বাজারে অস্থিরতা বাড়াতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ায় এবং জি-৭ দেশগুলো বাজারে তেল ছাড়ায় সরবরাহ বেড়েছে। এতে তেলের দাম কমেছে। তবে ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬১ দশমিক ৪০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৮ দশমিক ৪৮ ডলার হয়েছে। প্যালাডিয়ামের দামও ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৭৫ দশমিক ৪ ডলারে দাঁড়িয়েছে।