বিজ্ঞাপন
এআই আধিপত্য ধরে রাখতে ট্রাম্পের বড় পদক্ষেপ, গঠিত হলো ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ এএম
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কার্যক্রম সমন্বয় করতে নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। এর নাম দেওয়া হয়েছে “সুপার ইন্টেলিজেন্স ফোর্স”।
এই নতুন উদ্যোগের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব বজায় রাখা এবং প্রযুক্তিটির সুফল সাধারণ মার্কিন নাগরিকদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
টাস্কফোর্সে ফেডারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন, পেন্টাগনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এমিল মাইকেল এবং অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার।
ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন এআই প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রে একই সঙ্গে ব্যাপক বিনিয়োগ, প্রতিযোগিতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ এআই কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এআই উন্নয়নে স্বনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে একটি স্বেচ্ছামূলক সমঝোতার কথাও সামনে এসেছে।
নতুন টাস্কফোর্স শুধু সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করবে না। ট্রাম্পের ঘোষণায় ভোক্তা, জনস্বার্থবিষয়ক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং এআই কোম্পানিগুলোর সঙ্গেও যোগাযোগের কথা বলা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে এআইকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, প্রযুক্তি ও জাতীয় সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আরও জোরালোভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে দ্রুত বিকাশমান এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা বিষয়গুলো নিয়েও ফেডারেল পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।