বিজ্ঞাপন
নিউইয়র্কে ম র্মান্তিক সড়ক দু র্ঘটনায় প্রাণ গেল ২৪ বছরের বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদির
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহ মো. আরদি নামের এক বাংলাদেশি তরুণ আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। মাত্র ২৪ বছর বয়সী এই তরুণের দেশের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে।
তিনি যুক্তরাষ্ট্রে একজন আইটি পেশাজীবী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষ করে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজের বাসার উদ্দেশে রওনা দিয়েছিলেন আরদি।
পথিমধ্যে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে পৌঁছালে তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ প্রাণ।
নিহত শাহ মো. আরদি যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।
নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের আশায় তিনি দেশটিতে কর্মরত ছিলেন। তরতাজা এই তরুণের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর নিজ পরিবার, আত্মীয়স্বজন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।