Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় এখনো বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় এখনো বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, এফবিআই। ১৯৯৬ সালের ৩ অক্টোবরের ওই ঘটনার ৩০ বছর পরও সংস্থার ওয়ান্টেড তালিকায় তাঁর নাম রয়েছে। এফবিআইয়ের ফিলাডেলফিয়া কার্যালয় তাঁকে সহিংস অপরাধসংক্রান্ত তালিকায় রেখেছে।

এফবিআইয়ের বিবরণ অনুযায়ী, ঘটনাটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে ঘটে। অভিযোগ, সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত জাহিদুল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে থাকা এক নারী রোগীকে ওষুধ দিয়ে ঝিমিয়ে ফেলেন এবং হাসপাতালের কক্ষে তাঁকে ধর্ষণ করেন।

তাঁর বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে অভিযোগ আনার পর ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিচার এড়াতে পালিয়ে যাওয়ার অভিযোগও এফবিআইয়ের নোটিশে উল্লেখ রয়েছে।

জাহিদুলের নাম এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায় থাকলেও তাঁকে সংস্থার বিশেষ ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকার সদস্য হিসেবে দেখানো হয়নি। ফিলাডেলফিয়া কার্যালয়ের তালিকায় তাঁর নাম রয়েছে ‘অ্যাডিশনাল ভায়োলেন্ট ক্রাইমস’ বিভাগে।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মন্ট্রিয়লে তাঁর যোগাযোগ রয়েছে। তিনি চিকিৎসক স্ত্রীর সঙ্গে চলাফেরা করতে পারেন বলে সংস্থাটি জানিয়েছে। তবে তাঁর বর্তমান অবস্থান নোটিশে উল্লেখ করা হয়নি।

সংস্থাটি জাহিদুলকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনার সতর্কতা দিয়েছে। তাঁর সম্পর্কে তথ্য থাকলে স্থানীয় এফবিআই কার্যালয় অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার