Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সমুদ্রে মিলল বিমানের ধ্বংসাবশেষ, নিখোঁজ ৬ যাত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

সমুদ্রে মিলল বিমানের ধ্বংসাবশেষ, নিখোঁজ ৬ যাত্রী

বিজ্ঞাপন

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনে যাওয়ার পথে ৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।

ম্যাসাচুসেটসের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার পর নিখোঁজ ছয় আরোহীর সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন কোস্ট গার্ড। তবে বিমানে থাকা ব্যক্তিদের কী পরিণতি হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বিমানের ছয় আরোহীর মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ছিলেন দুই কানাডীয় পাইলট, দুই কানাডীয় চিকিৎসাকর্মী এবং বারমুডার একজন রোগী ও তার এক স্বজন।

‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর মালিকানাধীন গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে উড্ডয়ন করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১টার কিছু পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও অবতরণের আগেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট অপারেশনস ডিরেক্টর ক্ল্যারেন্স টোগেরেৎজ জানান, বিমানটিতে দুই কানাডীয় পাইলটের পাশাপাশি ছিলেন দুই কানাডীয় চিকিৎসাকর্মী। বারমুডা থেকে একজন রোগী ও তার এক আত্মীয়কে চিকিৎসার জন্য বোস্টনে নেওয়া হচ্ছিল।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, রাডার থেকে বিমানটি অদৃশ্য হওয়ার কিছুক্ষণ আগে এর উচ্চতায় দ্রুত পরিবর্তন দেখা যায়। অল্প সময়ের মধ্যে প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি ১১ হাজার ফুটে নেমে আসে। একই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও যোগাযোগেও সমস্যা দেখা দিয়েছিল।

পরিস্থিতির একপর্যায়ে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। ডিসপ্যাচারদের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, তখন বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছিল। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানের সন্ধানে অভিযান শুরু করে মার্কিন কোস্ট গার্ড। পরে ন্যান্টাকেট দ্বীপের উপকূলীয় সমুদ্র এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার পর নিখোঁজ ছয় আরোহীর সন্ধানে সমুদ্রজুড়ে অভিযান আরও জোরদার করা হয়েছে।

উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের জাহাজের পাশাপাশি হেলিকপ্টার ও বিমান ব্যবহার করা হচ্ছে। রাতভর সমুদ্র এলাকায় তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এ ঘটনায় বিমানে থাকা আরোহীদের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

তবে ধ্বংসাবশেষের সন্ধান মিললেও ছয় আরোহীর অবস্থান বা তাদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার