বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ২ কোটি প্রবীণের জন্য ৯০ ডলারের এককালীন অর্থ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় থাকা ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অর্থ তাদের মাসিক স্বাস্থ্যবিমার খরচ কিছুটা কমাতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস জানিয়েছে, অর্থ দেওয়ার প্রক্রিয়া অক্টোবরের শুরুতেই শুরু হওয়ার কথা। যেসব প্রবীণ নাগরিকের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাওয়ার ব্যবস্থা রয়েছে, তাদের ক্ষেত্রে ৯০ ডলার সরাসরি হিসাবে জমা হতে পারে। অন্যদের জন্য ডাকযোগে চেক পাঠানোর ব্যবস্থা থাকবে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই অর্থ মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে দেওয়া হবে। কংগ্রেসের বরাদ্দ করা প্রায় ২ বিলিয়ন ডলারের তহবিল থেকে এই অর্থ ব্যবহারের কথা বলা হয়েছে।
মেডিকেয়ার মূলত যুক্তরাষ্ট্রের প্রবীণ নাগরিকদের জন্য সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি। চিকিৎসা, হাসপাতাল ও স্বাস্থ্যসেবার বিভিন্ন খরচ মেটাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় প্রবীণদের ওপর আর্থিক চাপও বাড়ছে।
ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় এবং স্বাস্থ্যসেবা বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
তবে ৯০ ডলারের এই অর্থকে নতুন নিয়মিত ভাতা হিসেবে দেখা যাবে না। এটি এককালীন অর্থপ্রদান হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে যোগ্য মেডিকেয়ারভুক্ত প্রবীণরা নিয়মিতভাবে প্রতি মাসে অতিরিক্ত ৯০ ডলার পাবেন না।
এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অর্থনৈতিক চাপ ও স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগও বাড়ছে। সাম্প্রতিক এক এপি-নরক জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবা নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং এই বিষয়গুলো আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।