বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অসুস্থতার মাঝেও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হান্টসভিল হাসপাতালের ইমার্জেন্সি রুমে তৈরি হলো এক বিরল ও হৃদয়স্পর্শী মুহূর্ত। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৯ বছর বয়সী এক বৃদ্ধ এবং তাঁর বাগদত্তা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন হাসপাতালের বেডে বসেই। চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় অপ্রত্যাশিত এই বিপদের দিনটিই পরিণত হলো এই যুগলের জীবনের এক অন্যতম স্মরণীয় ও সোনালি মুহূর্তে।
ঘটনার দিন গত ৫ সেপ্টেম্বর জন কোমো এবং তাঁর বাগদত্তা ডায়ান তাঁদের ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজ করার জন্য যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যেই জনের চিকিৎসকের কাছ থেকে একটি উদ্বেগজনক ফোন আসে।
চিকিৎসক জানান, জনের রক্ত পরীক্ষার প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পাওয়া গেছে এবং তাঁকে দ্রুত হান্টসভিল হাসপাতালে যেতে বলা হয়। মন খারাপ করে এই যুগল হাসপাতালে গেলে ইমার্জেন্সি রুমের নার্স প্র্যাকটিশনার বেথ গেটস জানতে পারেন যে, জনের আকস্মিক অসুস্থতায় তাঁদের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের পরিকল্পনা ভেস্তে গেছে।
নিজেদের চোখের সামনে এমন হতাশার দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি নার্স বেথ। তিনি তখনই হাসপাতালের নিরাপত্তা কার্যালয়ে কর্মরত লাইসেন্সপ্রাপ্ত নোটারি শয়না আলেকজান্ডারকে খুঁজে বের করেন। সব কাজ ফেলে শয়না ছুটে আসেন ইমার্জেন্সি রুমের সি-২৯ নম্বর কক্ষে, যা মুহূর্তের মধ্যেই পরিণত হয় বিয়ের আসরে। হাসপাতালের গাউন পরিহিত জন এবং সাদা প্যান্টস্যুট পরা ডায়ান সেখানে তাঁদের ম্যারেজ সার্টিফিকেটে স্বাক্ষর করেন।
পাশেই থাকা আরেক রোগী সামান্থা রিংয়ের বানিয়ে দেওয়া কাগজের তৈরি হলুদ আংটি বদল করে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেন তাঁরা। এরপর হাসপাতালের বেড থেকে সামান্য ঝুঁকে স্ত্রীকে চুম্বন করেন জন, যা সেখানকার ভয়ার্ত ও অস্বাভাবিক পরিবেশকে এক নিমিষেই আনন্দে ভরিয়ে তোলে।
হাসপাতাল কর্মীদের আয়োজন শুধু এখানেই থেমে থাকেনি। চিকিৎসা সরঞ্জাম ও স্যালাইনের নল যাতে আনন্দের মাঝে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকেও খেয়াল রাখেন তাঁরা। লাইসেন্সড নার্স কেরিয়া লাইটফুট এই শেষ মুহূর্তের আয়োজনের জন্য ফুল, কাপকেক, প্লাস্টিকের শ্যাম্পেন গ্লাস এবং স্পার্কলিং গ্রেপ জুসের ব্যবস্থা করেন। ইমার্জেন্সি রুমের অ্যাটেনডেন্ট নোলান বেয়ার্ডেন তৈরি করে আনেন ‘জাস্ট ম্যারিড’ লেখা একটি সুন্দর প্ল্যাকার্ড।
এই প্রসঙ্গে জন আপ্লুত কণ্ঠে জানান, এই চরম বিপর্যয়ের দিনেও হাসপাতাল কর্মীদের এমন আন্তরিকতা তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। পরবর্তীতে এই অবসরপ্রাপ্ত সেনা কর্নেলকে হাসপাতালের অনকোলজি (ক্যানসার) ইউনিটে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে ২৩ সেপ্টেম্বর তিনি বাড়ি ফেরেন।
প্রায় এক বছর আগে ৪০ বছরের বিবাহিত জীবনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর ডায়ানের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের পরিচিত ডায়ানকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে এবং হাসপাতালের ওই অনন্য মুহূর্তের সাক্ষী হতে পেরে এখন দারুণ উচ্ছ্বসিত জন কোমো।