বিজ্ঞাপন
ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অধিকার, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সমালোচনার কড়া জবাব দিয়ে রাশিয়া জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা ইরানের অবিচ্ছেদ্য অধিকার এবং তেহরান এটি ত্যাগ করতে বাধ্য নয়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেন।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সাম্প্রতিক এক অভিযোগের প্রেক্ষিতে উলিয়ানভ মার্কিন প্রশাসনের পারমাণবিক বিস্তার রোধ নীতির তীব্র সমালোচনা করেন। মার্কিন রাষ্ট্রদূতের দাবি ছিল, ইরান আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য ছাড়াই ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
মার্কিন দাবির বিরোধিতা করে উলিয়ানভ স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের অবস্থান পারমাণবিক বিস্তার রোধের নীতিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ ভুল ধারণার ওপর প্রতিষ্ঠিত। উল্লেখ্য, ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পরও ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। তেহরানের অভিযোগ, ওই সংঘাতগুলোতে তাদের বেসামরিক ও পারমাণবিক অবকাঠামোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছিল, যা সরাসরি আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) চরম লঙ্ঘন।
আন্তর্জাতিক সংস্থার পক্ষপাতিত্ব এবং অবৈধ হামলার প্রতিবাদে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে সর্বসম্মতিক্রমে আইন পাস করে আইএইএ-এর সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে। নতুন আইন অনুযায়ী, পারমাণবিক স্থাপনাগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) অনুমোদন ছাড়া কোনো আইএইএ পরিদর্শককে ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এনপিটি-র স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান বারবার জোর দিয়ে বলেছে, দুই দশকেরও বেশি সময় ধরে চলা পরিদর্শনে তাদের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক ব্যবহারের প্রমাণ মেলেনি। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ স্পষ্ট করেছেন যে, তাদের পারমাণবিক অধিকার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না।
ইরানের এই অনড় অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন ও রাশিয়া। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরানবিষয়ক একটি খসড়া প্রস্তাবে এই দুই দেশ ভেটো প্রদান করে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক বক্তব্যে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ইরানের ‘বৈধ অধিকারকে’ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। চীন এই সঙ্কটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে পরিস্থিতি শান্ত করার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে।