বিজ্ঞাপন
প্রথমবার বাড়ি কেনার জন্য সবচেয়ে কঠিন শহর এখন নিউইয়র্ক, আর্থিক চাপে ক্রেতারা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম
বিজ্ঞাপন
প্রথমবার বাড়ি কিনতে ডাউন পেমেন্ট জমানোর হিসাবে যুক্তরাষ্ট্রের বড় আবাসন বাজারগুলোর মধ্যে সবচেয়ে কঠিন অবস্থানে রয়েছে নিউইয়র্ক সিটি। রকেটের এক বিশ্লেষণ অনুযায়ী, স্থানীয় একটি মধ্যম আয়ের পরিবার বছরে আয়ের ৫ শতাংশ সঞ্চয় করলে গবেষণায় পাওয়া মধ্যম ডাউন পেমেন্টের সমপরিমাণ অর্থ জমাতে প্রায় ৬৫ বছর লাগতে পারে। ২ অক্টোবর নিউইয়র্ক পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে এই হিসাবের অর্থ বাড়ি কিনতে সবাইকে ৬৫ বছর অপেক্ষা করতে হবে, এমন নয়। এটি নির্দিষ্ট সঞ্চয়হার ধরে তৈরি একটি তুলনামূলক হিসাব। রকেট মর্টগেজের প্রথমবার বাড়ি কেনা গ্রাহকদের ডাউন পেমেন্ট এবং স্থানীয় পরিবারের আয়ের ব্যবধান বোঝাতে বিশ্লেষণটি করা হয়েছে।
গবেষণায় নিউইয়র্কে প্রথমবারের ক্রেতাদের মধ্যম ডাউন পেমেন্ট পাওয়া গেছে ২ লাখ ৬৫ হাজার ডলার, যা বাড়ির ক্রয়মূল্যের প্রায় ৩০ শতাংশ। ব্যবহৃত মধ্যম বার্ষিক পারিবারিক আয় ৮১ হাজার ২২৮ ডলার। এর ৫ শতাংশ সঞ্চয় করলে বছরে জমে প্রায় ৪ হাজার ৬১ ডলার। সেই হিসাবে ওই ডাউন পেমেন্ট জমাতে সময় লাগে ৬৫ দশমিক ২ বছর।
রকেটের বিশ্লেষণটি জুনে প্রকাশিত হয়। এতে ২০২৫ সালের ২০ মে থেকে ২০২৬ সালের ১৯ মে পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে মর্টগেজ নিয়ে প্রথম বাড়ি কেনা গ্রাহকদের তথ্য ব্যবহার করা হয়েছে। পরিবারের আয়ের তথ্য নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর ২০২৪ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে থেকে। ফলে ফলাফলটি সব ক্রেতার অভিজ্ঞতা বা মর্টগেজের ন্যূনতম ডাউন পেমেন্টের শর্তকে প্রতিনিধিত্ব করে না।
একই পদ্ধতির হিসাবে সান ফ্রান্সিসকোয় মধ্যম ডাউন পেমেন্ট জমাতে প্রয়োজন ৫৭ দশমিক ২ বছর এবং লস অ্যাঞ্জেলেসে ৪১ দশমিক ৫ বছর। বিপরীতে মিশিগানের ওয়ারেনে সময় লাগে প্রায় ৩ দশমিক ১ বছর, ডেট্রয়েটে ৩ দশমিক ৯ বছর। ওই দুই বাজারে প্রথমবারের ক্রেতাদের মধ্যম ডাউন পেমেন্ট যথাক্রমে ৮ হাজার ৭৯৭ ও ৭ হাজার ৬০০ ডলার।
এই ব্যবধানের পেছনে বাড়ির দাম ছাড়াও শুরুতে ক্রেতারা কত শতাংশ অর্থ দিচ্ছেন, সেটি বড় বিষয়। নিউইয়র্কে গবেষণার মধ্যম ডাউন পেমেন্ট ক্রয়মূল্যের ৩০ শতাংশ হলেও ওয়ারেন ও ডেট্রয়েটে তা প্রায় ৫ শতাংশ।
রেডফিনের নিউইয়র্কভিত্তিক এজেন্ট জেসন ওয়ার্নার রকেটের প্রতিবেদনে জানিয়েছেন, শহরের অনেক কো-অপ ও কনডো ভবনে ২০ থেকে ৩০ শতাংশ ডাউন পেমেন্টের শর্ত থাকে। বেশি অর্থ শুরুতে দিলে মর্টগেজের পরিমাণ ও মাসিক কিস্তি কমে, যা ঋণদাতার আয় ও ঋণের অনুপাতসংক্রান্ত শর্ত পূরণেও সহায়তা করতে পারে।
সঞ্চয়ের এই হিসাবে বোনাস, বিনিয়োগের আয়, পরিবারের সহায়তা বা ডাউন পেমেন্ট সহায়তার অর্থ ধরা হয়নি। এসব কারণে একজন ক্রেতার বাস্তব প্রস্তুতির সময় গবেষণার হিসাব থেকে আলাদা হতে পারে। বিশ্লেষণটির মূল বার্তা হলো, প্রথম বাড়ি কেনার জন্য শুরুতে প্রয়োজনীয় অর্থ জমানোর বাধা একেক আবাসন বাজারে একেক রকম।