Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বাংলাদেশে থেকে পড়তে আসা মাহফুজ আহমেদের এখন বিলিয়ন ডলারের ব্যবসা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

বাংলাদেশে থেকে পড়তে আসা মাহফুজ আহমেদের এখন বিলিয়ন ডলারের ব্যবসা

বিজ্ঞাপন

পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসামাহফুজ আহমেদ গড়ে তুলেছেন এমন একটি প্রতিষ্ঠান, যার বার্ষিক রাজস্ব এক বিলিয়ন ডলারের বেশি। ভার্জিনিয়ার ম্যাকলিনভিত্তিক তাঁর প্রতিষ্ঠিত ডেক্সিয়ানের ২০২৫ সালের রাজস্ব ছিল ১.১৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ১১৪ কোটি ডলার। শিক্ষার্থী হিসেবে শুরু করা জীবনের পর প্রযুক্তি খাতে চাকরি এবং সেখান থেকে উদ্যোক্তা হয়ে ওঠার দীর্ঘ পথ পেরিয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী।

ভার্জিনিয়া বিজনেসের ২০২৬ সালের আগস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০টি স্থানে ডেক্সিয়ানের প্রায় ১২ হাজার কর্মী রয়েছেন। প্রতিষ্ঠানটি কর্মী সরবরাহ, তথ্যপ্রযুক্তি ও কর্মী ব্যবস্থাপনা সেবা দেয়। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে ফরচুন ৫০০ তালিকাভুক্ত দুই শতাধিক কোম্পানি।

মাহফুজের যুক্তরাষ্ট্রের জীবনের শুরু জর্জ মেসন ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, ঢাকার বাড়ি ছেড়ে তিনি এফ-১ শিক্ষার্থী ভিসায় সেখানে পড়তে যান। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কখনো চাকরি করেননি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে তাঁর প্রথম কাজই পরবর্তী প্রযুক্তি পেশার ভিত্তি তৈরি করে। ১৯৯৩ সালে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন।

স্নাতক হওয়ার পরের বছর, ১৯৯৪ সালে মাহফুজ প্রতিষ্ঠা করেন ডিজিটাল ইন্টেলিজেন্স সিস্টেমস, সংক্ষেপে ডিসিস। এটিই পরে ডেক্সিয়ান নামে পরিচিত হয়। নর্থরপ গ্রুম্যানে পরামর্শক এবং মবিল অয়েলে জ্যেষ্ঠ প্রযুক্তি ব্যবস্থাপক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি নিজের ব্যবসা গড়ে তোলেন।

নব্বইয়ের দশকের শেষ দিকে ওয়াই টু কে বা ২০০০ সাল ঘিরে কম্পিউটারের তারিখসংক্রান্ত ত্রুটির আশঙ্কা প্রযুক্তি খাতে বাড়তি কাজের সুযোগ তৈরি করে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের কম্পিউটার ব্যবস্থা প্রস্তুত করতে শুরু করলে ডিসিস প্রথম বড় গ্রাহকদের পায়। ব্যবসার বিস্তারে এই সময়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ডেক্সিয়ানের বিবরণ অনুযায়ী, শুরু থেকেই ব্যবসার কৌশল ও উন্নয়নে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৮ সালে মারুফের সহপ্রতিষ্ঠিত একটি আইটি কর্মী সরবরাহ ও পরামর্শক প্রতিষ্ঠান পরের বছর ডিসিসের সঙ্গে একীভূত হয়। তখন মারুফ আনুষ্ঠানিকভাবে অংশীদার ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেন।

এরপর সম্প্রসারণ ও অধিগ্রহণের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ে। ২০২১ সালে ডিসিস ফ্লোরিডাভিত্তিক সিগনেচার কনসালট্যান্টস অধিগ্রহণ করে। দুই প্রতিষ্ঠানসহ অন্যান্য অধিগ্রহণ করা ব্যবসার কার্যক্রম একত্র করে ২০২৩ সালে ডেক্সিয়ান ব্র্যান্ড চালু করা হয়।

একই বছরের ৬ জুলাই মারুফকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ডেক্সিয়ান। এর আগে তিনি প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। মাহফুজ প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হন এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে যুক্ত থাকেন।

ভার্জিনিয়া বিজনেসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেক্সিয়ানের রাজস্ব ছিল ১.১৫ বিলিয়ন ডলার। পরের বছরও তা এক বিলিয়ন ডলারের ওপরে থাকে। ২০২৬ সালের এপ্রিলে ওয়াশিংটন বিজনেস জার্নালের ওয়াশিংটন ডিসি অঞ্চলে অশ্বেতাঙ্গ মালিকানাধীন বৃহত্তম কোম্পানির তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষে ছিল।

ব্যবসার পাশাপাশি নিজের বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সম্পর্ক ধরে রেখেছেন মাহফুজ। ২০২২ সালে তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে জর্জ মেসনের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটিংয়ে ২ লাখ ৫০ হাজার ডলারের অনুদানের অঙ্গীকার করা হয়। এই অর্থে ডিনস টেকনোলজি ইনোভেশন ফান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় দুই ভাইয়ের সাফল্য ও অবদানকে সম্মান জানায়। সেই আয়োজনে তাঁদের ছাত্রজীবনের একটি স্মৃতিও জায়গা পায়। পড়াশোনার খরচ জোগাতে মারুফ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ পরিচর্যার কাজ করতেন। ফেনউইক লাইব্রেরির সামনের গার্বেজ বিন পরিষ্কার করাও ছিল তাঁর দায়িত্ব। ডাইনিং হলেও কাজ করেছেন তিনি।

বহু বছর পর দুই ভাই বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন, লাইব্রেরির কাছের একটি গার্বেজ বিন তাঁদের সম্মানে উৎসর্গ করা হোক। বিশ্ববিদ্যালয় সেই অনুরোধ রাখে। হলুদ রঙের বিনটির পাশে বসানো হয় মারুফের বক্তব্যসংবলিত ফলক। যে ক্যাম্পাসে কাজ করে পড়াশোনার খরচ জুগিয়েছিলেন, সেখানেই তাঁদের ব্যবসায়িক সাফল্যের স্মারক হয়ে আছে ছাত্রজীবনের সেই কাজের স্মৃতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার