Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পিএইচডি করার সময় শাবির সাবেক শিক্ষার্থী তানভীরের মৃত্যু

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম

যুক্তরাষ্ট্রে পিএইচডি করার সময় শাবির সাবেক শিক্ষার্থী তানভীরের মৃত্যু

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত অবস্থায় মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর আলম মুনশি। সাস্ট স্পটলাইটের দেওয়া তথ্য অনুযায়ী, কার্ডিয়াক অ্যারেস্টের পর ৩৪ দিন কোমায় থাকার পর বুধবার, ৩০ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। তিনি ইউনিভার্সিটি অব হিউস্টনে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

তানভীর শাবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪ থেকে ২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সাস্ট স্পটলাইট জানিয়েছে, তিনি নিজ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকার করেছিলেন।

উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় যুক্ত ছিলেন তানভীর। ইউনিভার্সিটি অব হিউস্টনের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের কিয়ুং জে লি গবেষণা দলের সদস্য তালিকাতেও তাঁর নাম রয়েছে।

সাস্ট স্পটলাইটের তথ্যমতে, তাঁর প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ১০টি। এসব গবেষণাপত্রে মোট ১৩৩টি সাইটেশন বা অন্য গবেষণায় উদ্ধৃতি রয়েছে।

তাঁকে স্মরণ করে সাস্ট স্পটলাইটের লেখায় বিভাগের নবীন শিক্ষার্থীদের গবেষণা শেখাতে সহযোগিতা করার বিষয়টি তুলে ধরা হয়েছে। গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া, কাজের প্রক্রিয়া বোঝানো এবং গবেষণায় আগ্রহী হতে উৎসাহ দিতেন তিনি।

ওই স্মরণলেখায় তানভীরকে প্রচারবিমুখ মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। নিজের অর্জন তুলে ধরার চেয়ে গবেষণা ও অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় সময় দিতেন বলে উল্লেখ করা হয়।

তানভীরের মৃত্যুতে শোক জানিয়েছে সাস্ট স্পটলাইট। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে সংগঠনটি।

সূত্র: সাস্ট স্পটলাইট

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার