বিজ্ঞাপন
পেশাগত অসদাচরণ, চিকিৎসাসেবায় ঘাটতি ও তথ্য গোপনের দায়ে বৃটেনে ডা. নাজিবের নিবন্ধন বাতিল
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
বিজ্ঞাপন
পেশাগত দক্ষতার ঘাটতি, চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সক্ষমতা দেখাতে ব্যর্থতা এবং নতুন নিয়োগদাতার কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের ঘটনায় যুক্তরাজ্যে চিকিৎসক ডা. সুরাইয়া কামাল নাজিবের চিকিৎসক নিবন্ধন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনালের এক শুনানিতে তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণ ও চিকিৎসাসেবায় ঘাটতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত আসে।
ট্রাইব্যুনালের নথি অনুযায়ী, ডা. নাজিব ১৯৮৫ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ধ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় যোগ্যতা অর্জন করেন। তিনি ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্ল্যাকপুল টিচিং হসপিটালসে অস্থায়ী কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
কনসালট্যান্ট পর্যায়ে তার কাজের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ২০২২ সালের অক্টোবরে তাকে রেজিস্ট্রার পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরে কিংস লিনের কুইন এলিজাবেথ হাসপাতালে কনসালট্যান্ট পদে আবেদন করার সময় তিনি দায়িত্ব পরিবর্তনের বিষয়টি এবং নিজের দক্ষতা নিয়ে ওঠা উদ্বেগ নতুন নিয়োগদাতাকে জানাননি। ট্রাইব্যুনাল এই তথ্য গোপন করাকে অসততা হিসেবে বিবেচনা করে।
২০২২ সালের ২৯ নভেম্বর জীবন রক্ষাকারী চিকিৎসার একটি প্রশিক্ষণে প্রয়োজনীয় দক্ষতা প্রদর্শন করতে ব্যর্থ হন ডা. নাজিব। ফলে তিনি পরবর্তী পরীক্ষার ধাপে যেতে পারেননি। এর মাত্র দুই দিন পর চাকরির ইন্টারভিউ অনুষ্ঠিত হলেও সেখানেও তিনি বিষয়টি প্রকাশ করেননি। পরে ২০২৩ সালের মার্চে তিনি নতুন হাসপাতালে যোগ দেন।
ট্রাইব্যুনালের মূল্যায়নে, তার পেশাগত দক্ষতার ঘাটতি এবং তথ্য গোপনের ঘটনায় রোগীর নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছিল। ব্ল্যাকপুল কর্তৃপক্ষ তাকে তত্ত্বাবধানে পুনঃপ্রশিক্ষণের সুযোগ দিলেও তিনি সেই সুযোগ গ্রহণ করেননি।
শুনানি শেষে মেডিকেল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনাল ডা. নাজিবের নাম যুক্তরাজ্যের চিকিৎসক নিবন্ধন থেকে মুছে ফেলার নির্দেশ দেয়। একই সঙ্গে তার ওপর তাৎক্ষণিক স্থগিতাদেশও দেওয়া হয়েছে।
নোটিশ আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর ২৮ দিন পর নিবন্ধন বাতিলের মূল নির্দেশ কার্যকর হওয়ার কথা। তবে এর মধ্যে তিনি আপিল করলে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।