বিজ্ঞাপন
বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, আটক ৭০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
বিজ্ঞাপন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। এরমধ্যে ওই এলাকা ও আশপাশে ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসময় প্রায় ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার (০২ অক্টোবর) টেলিকম কোম্পানিগুলোকে জন্তর মন্তর এবং এর আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআরে অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন সংগঠন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ করছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়ার মতো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত জন্তর মন্তর এবং এর চারপাশের ১ দশমিক ৫ কিলোমিটার এলাকার ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে হিন্দুস্তান টাইমস ওই নির্দেশের কপি দেখেনি। প্রতিবেদন প্রকাশের সময় দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা এই বিক্ষোভের অনুমতি দেয়নি। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে প্রায় ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও দিল্লিতে ইন্টারনেট সেবা বন্ধের ঘটনা ঘটেছে। তবে সাধারণত নির্দিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বল্প সময়ের জন্য এসব সেবা বন্ধ রাখা হয়েছিল।
২০১৯ সালের ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের সময় দিল্লির বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে কৃষক বিক্ষোভের সময় দিল্লির আশপাশের এলাকাতেও মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। পরে সিংঘু, গাজীপুর ও টিকরিসহ সীমান্তবর্তী বিক্ষোভস্থলেও এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়।