Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একের পর এক দোকান বন্ধ করছে বড় খুচরা প্রতিষ্ঠান, তালিকায় ৪ শীর্ষ ব্র্যান্ড

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে একের পর এক দোকান বন্ধ করছে বড় খুচরা প্রতিষ্ঠান, তালিকায় ৪ শীর্ষ ব্র্যান্ড

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কর্মসংস্থান বাড়লেও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। চলতি শরতেই দেশটিতে শত শত রিটেইল স্টোর বা শোরুম বন্ধ হতে চলেছে। মূলত নিজেদের ব্যবসাকে নতুন করে সাজাতেই বড় বড় চেইন শপগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কোরসাইট রিসার্চ জানিয়েছে, মানুষের কেনাকাটার ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি পরিচালনা ব্যয় বৃদ্ধি এবং ই-কমার্সের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে এ বছর কয়েক হাজার শোরুম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে অক্টোবর থেকে শুরু হওয়া শরতের এই সময়ে স্থানীয় শপিংমলগুলোতে পরিচিত অনেক ব্র্যান্ডের শাখা আর দেখা যাবে না।

বিশ্লেষকরা বলছেন, শোরুম বন্ধের এই সাম্প্রতিক প্রবণতা মার্কিন খুচরা বাজারে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অনেক চেইন শপ এখন আর কেবল শাখার সংখ্যা বাড়িয়ে ব্যবসা প্রসারের কথা ভাবছে না। এর বদলে তারা সবচেয়ে বেশি লাভজনক শাখাগুলোর দিকে মনোযোগ দিচ্ছে এবং ই-কমার্স ও ক্রেতাদের জন্য লয়্যালটি প্রোগ্রামে বেশি বিনিয়োগ করছে। অন্যদিকে সামগ্রিক কর্মসংস্থানের চিত্র ইতিবাচক হলেও নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও আতিথেয়তা খাতের দিকেই ঝোঁক বেশি দেখা যাচ্ছে। সেখানে করপোরেট পেশা এবং ঐতিহ্যবাহী খুচরা বিক্রেতারা ধীর প্রবৃদ্ধির মুখে পড়েছেন।

চলতি বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রিটেইল চেইন তাদের শোরুম বন্ধের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো মেসিস। প্রতিষ্ঠানটি তাদের আ বোল্ড নিউ চ্যাপ্টার নামের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের মধ্যে প্রায় ১৫০টি অলাভজনক শোরুম বন্ধ করতে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি শাখা বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গরাজ্যে আরও শাখা বন্ধ হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টনি স্প্রিং জানিয়েছেন, তারা বর্তমানে লাভজনক শাখা ও বিলাসবহুল ব্র্যান্ডগুলোতে বিনিয়োগ করছেন এবং অনুৎপাদনশীল শাখাগুলো বন্ধ করে কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নিচ্ছেন।

ফার্মেসি চেইন ওয়ালগ্রিন্সও আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ১ হাজার ২০০টি অলাভজনক শাখা বন্ধের পরিকল্পনা জানিয়েছে। মালিকানা পরিবর্তনের কারণে শোরুম বন্ধের গতি কিছুটা কমলেও চলতি শরতে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তাদের শাখা বন্ধ হতে চলেছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা মনমোহন মহাজন জানিয়েছেন, যে শাখাগুলোতে নগদ প্রবাহ নেতিবাচক এবং যেসব স্থানের ইজারা আগামী কয়েক বছরের মধ্যে শেষ হতে যাচ্ছে, সেগুলো বন্ধ করার ক্ষেত্রে তারা অগ্রাধিকার দিচ্ছেন।

বিশ্বখ্যাত কফি চেইন স্টারবাকস এই মাসেই জানিয়েছে যে, তারা উত্তর আমেরিকায় প্রায় ২৫০টি অলাভজনক ক্যাফে বন্ধ করার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা মাইক গ্রামস কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জানিয়েছেন, তারা উত্তর আমেরিকায় তাদের কফিহাউসগুলোর অবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করেছেন। যেসব শাখায় গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা নেই, সেগুলোই বন্ধ করা হচ্ছে।

অন্যদিকে সুপারমার্কেট চেইন ক্রোগারও কৌশলগত পর্যালোচনার পর গত বছর জানিয়েছিল যে, ২০২৬ সালের মধ্যে তারা তাদের বেশ কিছু অলাভজনক গ্রোসারি স্টোর বন্ধ করবে। প্রতিষ্ঠানটি এ বছরের শেষ নাগাদ বিভিন্ন অঙ্গরাজ্যে ৬০টি স্টোর বন্ধ করবে, যার মধ্যে বেশ কয়েকটি এই শরতেই বন্ধ হওয়ার কথা রয়েছে। ক্রোগার জানিয়েছে, এই শোরুমগুলো বন্ধের ফলে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং ক্ষতিগ্রস্ত শোরুমের কর্মীদের অন্যান্য শাখায় কাজের সুযোগ দেওয়া হবে।

যদিও শোরুম বন্ধের হিড়িক চলছে, তবুও পরিসংখ্যান বলছে ২০২৬ সালটি রিটেইল খাতের জন্য সবচেয়ে খারাপ বছর নয়। কোরসাইট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এ বছর যুক্তরাষ্ট্রে শোরুম বন্ধের হার বেশ কমেছে। বছরের প্রথমার্ধে প্রায় ৩ হাজার ৩২১টি শোরুম বন্ধের হিসাব পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি কম। মূলত করোনা মহামারির সময় অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়ায় অনেক দুর্বল প্রতিষ্ঠান আগেই তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল। তাই বর্তমানের এই শোরুম বন্ধের ঘটনাগুলো কোনো বিশাল ধসের লক্ষণ নয়, বরং এটি পরিকল্পিত একটি ব্যবসায়িক সিদ্ধান্ত।

খুচরা বাজারের সার্বিক চিত্র এখনো মিশ্র। কিছু পুরোনো চেইন স্টোর তাদের শাখা কমালেও অন্যান্য অনেক বিক্রেতা প্রতিষ্ঠান দ্রুত তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। এর মানে হলো, ভবিষ্যতে ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টাল স্টোরের সংখ্যা হয়তো কমে যাবে, তবে সামগ্রিকভাবে খুচরা বাজার শক্তিশালীই থাকবে বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: নিউজউইক

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার