Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ডিপোর্টের পর আইনি লড়াইয়ে নিউইয়র্কের তরুণকে যুক্তরাষ্ট্রে ফেরাল ট্রাম্প প্রশাসন

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

ডিপোর্টের পর আইনি লড়াইয়ে নিউইয়র্কের তরুণকে যুক্তরাষ্ট্রে ফেরাল ট্রাম্প প্রশাসন

বিজ্ঞাপন

নিউইয়র্ক থেকে এল সালভাদরে বিতাড়িত তরুণ মারিও মাতা ক্রুজকে আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনেছে মার্কিন সরকার। তবে পরিবারের কাছে ফিরতে পারেননি তিনি। স্পেকট্রাম নিউজের ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে একাধিক রাজ্যের আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এবং তিনি এখনো অভিবাসন হেফাজতে রয়েছেন।

মারিওর আইনজীবীদের দাবি, চূড়ান্ত বহিষ্কার আদেশ ছাড়াই তাঁকে এল সালভাদরে পাঠানো হয়েছিল। মারিও বলেছেন, স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার কোনো কাগজেও তিনি সই করেননি। তাঁর বহিষ্কারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করেন আইনজীবীরা।

২০১৮ সালে ১৭ বছর বয়সে একা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করেন মারিও। পরের বছর তিনি স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল বা এসআইজে মর্যাদা পান। এনওয়াইওয়ানের পর্যালোচনা করা নথি অনুযায়ী, তাঁর গ্রিন কার্ডের আবেদন তখনো নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

২০২৫ সালের অক্টোবরে লং আইল্যান্ডে ভাই মারভিনের সঙ্গে কাজে যাওয়ার সময় তাঁকে আটক করেন অভিবাসন কর্মকর্তারা। পরে টেক্সাসের একটি আটক কেন্দ্রে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁকে এল সালভাদরে পাঠানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে এনওয়াইওয়ান ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আদালতে দাখিল করা একটি নথিতে মারিওকে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়। ২৪ এপ্রিলের ওই নথিতে বলা হয়, আইসিইর ব্যবস্থাপনায় এল সালভাদর থেকে লুইজিয়ানাগামী ফ্লাইটে তাঁকে যুক্তরাষ্ট্রে আনা হবে। গ্রীষ্মে তাঁকে ফিরিয়ে আনা হয়।

তবে ফেরার পর প্রথমে লুইজিয়ানা, পরে নিউ জার্সি এবং এরপর ভার্জিনিয়ার আটক কেন্দ্রে পাঠানো হয় মারিওকে। নিউ জার্সির একজন ইমিগ্রেশন বিচারক এখতিয়ার নেই জানিয়ে তাঁর বন্ডে মুক্তির আবেদন বিবেচনা করতে অস্বীকৃতি জানান। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও তাঁকে মুক্তি দেয়নি। আইনজীবীদের বক্তব্য, মারিওর কোনো অপরাধের রেকর্ড নেই।

মারিওর পরিবার লং আইল্যান্ডে রয়েছে। এল সালভাদরে থাকার সময় ভাইয়ের সঙ্গে যোগাযোগের ভরসা ছিল ভিডিও কল। যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরও আটক থাকায় পরিবারের সঙ্গে তাঁর পুনর্মিলন হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার