বিজ্ঞাপন
মক্কায় ‘আ ত্ম ঘা তী হামলার চেষ্টা’, যা বলছে সৌদি কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে নাকচ করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, ঘটনাটির সঙ্গে বিস্ফোরক বা আত্মঘাতী হামলার কোনো সম্পর্ক নেই।
শুক্রবার (০২ অক্টোবর) সৌদি কর্মকর্তারা জানান, পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় বা আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং পরে বিষয়টি আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে দাবি ছড়িয়ে পড়ে, কাবার দিকে এগিয়ে যাওয়ার সময় বিস্ফোরকভর্তি পোশাক পরা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা আটক করেছেন। তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব তথ্য সঠিক নয়।
সৌদি পাবলিক সিকিউরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে আটক করা হয়েছে। বিবৃতিতে বিস্ফোরক বা আত্মঘাতী হামলার কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। তাদের বক্তব্য, আটক ব্যক্তির বিরুদ্ধে পথচারীদের হয়রানি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলূ এজেন্সি