বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চার দিন পর মিলল বাংলাদেশি উবার চালক আলী আহমদের ম রদেহ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চার দিন পর আলী আহমদ নামে এক বাংলাদেশি উবার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার ব্যবহৃত গাড়ির ভেতর থেকেই মৃতদেহটি উদ্ধার করা হয়। আকস্মিক ও রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে উবার চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলী আহমদ। প্রতিদিনের মতো রাতে কাজ শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শনিবার সকাল পর্যন্ত তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হয়। কোথাও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।
অভিযোগ পাওয়ার পর নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলে টেক্সাস পুলিশ ঘটনাটিকে ‘হাই অ্যালার্ট’ হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ অনুসন্ধান শুরু করে। টানা চার দিন খোঁজাখুঁজির পর মঙ্গলবার পুলিশ তার নিজস্ব গাড়িটি থেকেই মরদেহ উদ্ধার করে। নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ পুত্র। তবে তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।
আলী আহমদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি নিছক দুর্ঘটনা, তা ময়নাতদন্ত ও পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এমন অকাল মৃত্যুতে টেক্সাসসহ পুরো যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।