Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মোবাইলেই ছবি, অনলাইনেই আবেদন, মার্কিন পাসপোর্টে আসছে বড় পরিবর্তন

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ এএম

মোবাইলেই ছবি, অনলাইনেই আবেদন, মার্কিন পাসপোর্টে আসছে বড় পরিবর্তন

বিজ্ঞাপন

মার্কিন পাসপোর্টের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের আধুনিকায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২০২৭ সাল থেকে প্রথমবারের মতো পাসপোর্ট করতে ইচ্ছুক নাগরিকদের জন্য অনলাইনে আবেদনের সুযোগ চালু করার পরিকল্পনা জানিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। এই নতুন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, আবেদনকারীদের ছবি তোলার জন্য আর কোনো দোকান বা ফটো স্টুডিওতে যাওয়ার প্রয়োজন হবে না। নিজের স্মার্টফোনে ছবি তুলেই তা সরাসরি অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে।

বর্তমানে প্রাপ্তবয়স্ক কোনো মার্কিন নাগরিক জীবনে প্রথমবার পাসপোর্টের আবেদন করতে চাইলে তাকে সরাসরি ‘পাসপোর্ট অ্যাকসেপ্টেন্স ফ্যাসিলিটি’ বা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হয়। সেখানে প্রয়োজনীয় ফর্ম, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র এবং ছবি সশরীরে জমা দিতে হয়। তবে নতুন উদ্যোগে পুরো প্রক্রিয়ার একটি বড় অংশ অনলাইনেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিস্টেম সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আবেদনকারীরা সরকারি পোর্টাল ‘আমেরিকা.গভ’ (america.gov) ব্যবহার করে ‘লগইন.গভ’ (login.gov)-এর মাধ্যমে সাইন ইন করতে পারবেন। এরপর তারা সরকারের কাছে থাকা নিজেদের তথ্য দেখতে পারবেন, প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে পারবেন, অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ অবস্থাও ট্র্যাক করতে পারবেন। তবে ঠিক কী প্রক্রিয়ায় অন্যান্য মূল কাগজপত্র জমা দিতে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়নি।

পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ছবির নিয়মেও আসছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা নিজেদের মোবাইলে সদ্য তোলা ছবি বা আগে থেকে ডিভাইসে থাকা উপযুক্ত ছবি আপলোড করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও আরও জানান, চূড়ান্তভাবে জমা দেওয়ার আগেই আবেদনকারী দেখতে পাবেন পাসপোর্টে তার ছবিটি কেমন দেখাবে।

মনমতো না হলে পুনরায় ছবি তোলার সুযোগও থাকবে। তবে ছবিতে কোনো ধরনের ফিল্টার ব্যবহার, অতিরিক্ত এডিট বা ডিজিটাল পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ছবি অবশ্যই সাম্প্রতিক, রঙিন এবং সাদা বা অফ-হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে।

উল্লেখ্য, নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের জন্য ডিজিটাল ছবি দিয়ে অনলাইনে পাসপোর্ট নবায়নের (রিনিউ) সুযোগ বর্তমানে চালু রয়েছে। নতুন পরিকল্পনার ফলে গ্রিন কার্ড থেকে সবেমাত্র মার্কিন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের জন্যও প্রথমবারের মতো পাসপোর্ট করার প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে।

স্টেট ডিপার্টমেন্টের লক্ষ্য হলো ২০২৭ সালের শেষ নাগাদ অধিকাংশ নাগরিক যেন সরকারি পোর্টালের মাধ্যমে পাসপোর্টের আবেদন করতে পারেন। তবে শিশুদের পাসপোর্টের নিয়ম আলাদা হওয়ায়, নবজাতক বা ১৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা কীভাবে কাজ করবে তা এখনো স্পষ্ট করা হয়নি। পূর্ণাঙ্গ নির্দেশিকা ও নির্দিষ্ট চালুর তারিখ প্রকাশের আগ পর্যন্ত নাগরিকদের বর্তমান নিয়ম মেনেই পাসপোর্টের আবেদন করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার