Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৫ পরিবারের হাতে বিশ্বের পরিচিত সব ব্র্যান্ড, সম্পদের পরিমাণ শুনলে অবাক হবেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রে ৫ পরিবারের হাতে বিশ্বের পরিচিত সব ব্র্যান্ড, সম্পদের পরিমাণ শুনলে অবাক হবেন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী পরিবারগুলোর নিট সম্পদের পরিমাণ শত শত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও অনেকের কাছেই তাদের নামগুলো বেশ অজানা। দশকের পর দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবসার প্রসারের মাধ্যমে তারা এই বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছে। বছরে শত বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় করা এই পরিবারগুলো কেবল যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই গভীর প্রভাব রাখছে। ওয়ালমার্টের মতো রিটেইল জায়ান্ট থেকে শুরু করে বিশ্বজুড়ে জনপ্রিয় সব ক্যান্ডি উৎপাদনকারী মার্স পরিবারের মতো রাজবংশগুলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপুল ধনসম্পদ রেখে যাচ্ছে। নিজেদের প্রতিষ্ঠিত ব্যবসায় সক্রিয় থেকে তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কাঠামোকেই বদলে দিয়েছে।

৫২০ বিলিয়ন ডলারের বিশাল সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী পরিবারের তালিকায় সবার ওপরে রয়েছে ওয়ালটন পরিবার। তারা বিশ্বের বৃহত্তম রিটেইল বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা। ১৯৬২ সালে স্যাম ওয়ালটনের হাত ধরে যাত্রা শুরু করা ওয়ালমার্টের বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৬০০টির বেশি শাখা রয়েছে। একইসঙ্গে তারা স্যামস ক্লাব প্রতিষ্ঠা করেছে, যার শাখা রয়েছে বিশ্বজুড়ে। পরিবারের সদস্যরা এখনও ওয়ালমার্টের পরিচালনা পর্ষদে যুক্ত আছেন এবং ২০২২ সালে তারা ৪.৬৫ বিলিয়ন ডলারে এনএফএলের ডেনভার ব্রঙ্কস নামে একটি স্পোর্টস টিম কিনেছেন।

১৫৭ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোচ পরিবার। ১৯৪০ সালে রাসায়নিক প্রকৌশলী ফ্রেড সি কোচ একটি তেল শোধনাগার কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এই সাম্রাজ্যের ভিত্তি গড়েন, যা পরবর্তীতে কোচ ইন্ডাস্ট্রিজ (বর্তমানে শুধু কোচ) নামে পরিচিতি পায়। তাঁর ছেলে চার্লস কোচ বর্তমানে এর কো-সিইও এবং চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি তেল, গ্যাস, রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেছে এবং বর্তমানে ৫০টিরও বেশি দেশে এর কার্যক্রম চলমান।

১২৯ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী মার্স পরিবার মূলত ক্যান্ডি ও পোষা প্রাণীর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্স ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা। ১৯১১ সালে ফ্র্যাঙ্কলিন ক্ল্যারেন্স মার্সের হাত ধরে ওয়াশিংটনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরবর্তীতে থ্রি মাস্কেটিয়ার্স, স্নিকার্স, এমঅ্যান্ডএমস ও স্কিটলস-এর মতো বিশ্বখ্যাত সব ক্যান্ডি ব্র্যান্ড তৈরি করেছে। সম্প্রতি তারা পোষা প্রাণীর যত্নের ক্ষেত্রেও বড়সড় বিনিয়োগ করেছে।

৬৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে আছে জনসন পরিবার। ১৯৪৬ সালে এডওয়ার্ড সি জনসন দ্বিতীয়-এর প্রতিষ্ঠিত ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ কোম্পানিটি আর্থিক পরিষেবা, মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশাল শক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে ফিডেলিটি ইনভেস্টমেন্টস বিশ্বের অন্যতম বৃহত্তম মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যারা ৪.৪ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনা করছে এবং ৪ কোটিরও বেশি মানুষকে আর্থিক সেবা দিচ্ছে।

৬৭.৯ বিলিয়ন ডলারের সম্পদের মালিক কারগিল-ম্যাকমিলান পরিবারের ব্যবসার শুরুটা হয়েছিল ১৮৬৫ সালে ছোট একটি শস্য মজুদের কোম্পানি হিসেবে। পরবর্তীতে উইলিয়াম ওয়ালেস কারগিল এবং তাঁর জামাতা জন এইচ ম্যাকমিলান সিনিয়রের হাত ধরে এটি বিশ্বজুড়ে কৃষিপণ্য উৎপাদন ও বিতরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কারগিল ইনকর্পোরেটেডে পরিণত হয়। ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে তারা কাজ করছে। বর্তমানে ৭০টি দেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার