Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্টুডেন্ট লোনে সুদ কমানোর সুযোগ বাড়ল, বাড়ানো হলো আবেদনের সময়সীমা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

স্টুডেন্ট লোনে সুদ কমানোর সুযোগ বাড়ল, বাড়ানো হলো আবেদনের সময়সীমা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট লোনের ঋণগ্রহীতাদের জন্য সুদের হার কমানোর বিশেষ সুযোগের সময়সীমা বাড়ানো হয়েছে। যারা অটো পেমেন্ট বা স্বয়ংক্রিয় পরিশোধ ব্যবস্থায় যুক্ত হয়ে ঋণের সুদ ১ শতাংশ কমানোর সুবিধা নিতে চান, তারা এখন ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর আগে এই সুবিধা নিতে মঙ্গলবারের মধ্যে অটো পেমেন্টে যুক্ত হওয়ার সময়সীমা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই সময়সীমা বাড়িয়ে বছরের শেষ দিন পর্যন্ত করা হয়েছে।

সাধারণভাবে ফেডারেল স্টুডেন্ট লোনে অটো পেমেন্ট চালু করলে যে সুদের ছাড় পাওয়া যায়, নতুন এই সুবিধা তার তুলনায় চার গুণ বেশি। অর্থাৎ যোগ্য ঋণগ্রহীতারা অটো পেমেন্ট চালু করলে অতিরিক্ত ১ শতাংশ সুদ কমানোর সুবিধা পাবেন।

শিক্ষা দপ্তর জানিয়েছে, এই উদ্যোগ চালুর পর ইতোমধ্যে প্রায় ২০ লাখ ঋণগ্রহীতা অটো পেমেন্টে যুক্ত হয়েছেন। দপ্তরের দাবি, এর ফলে ঋণ পরিশোধের হার বাড়ছে এবং ফেডারেল স্টুডেন্ট লোন ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতিও উন্নত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট লোনের মোট বকেয়া ঋণের পরিমাণও অনেক বড়। নিউইয়র্ক ফেডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটিতে স্টুডেন্ট লোনের বকেয়া অর্থের পরিমাণ প্রায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে মহামারির সময় চালু হওয়া স্টুডেন্ট লোন পরিশোধ স্থগিত রাখার ব্যবস্থা শেষ করে ঋণগ্রহীতাদের আবার নিয়মিত কিস্তি পরিশোধে ফেরানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সময়ে নতুন কিছু পরিশোধ পরিকল্পনাও চালু করা হয়েছে।

শিক্ষা দপ্তর বলছে, অটো পেমেন্ট চালু করলে নির্ধারিত তারিখে কিস্তি দিতে ভুলে যাওয়ার ঝুঁকি কমে। নতুন রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্ল্যান বা আরএপি ব্যবস্থার সুবিধা পেতেও সময়মতো কিস্তি পরিশোধ গুরুত্বপূর্ণ।

এই ১ শতাংশ সুদ কমানোর সুবিধা ১ জুলাই ২০১২-এর পর ইস্যু করা যোগ্য ফেডারেল স্টুডেন্ট লোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুবিধাটি ২০২৮ সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান, বিপুলসংখ্যক ঋণগ্রহীতা ইতোমধ্যে এই সুবিধায় যুক্ত হওয়ায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহন বলেছেন, বছরের শেষ পর্যন্ত আরও বেশি ঋণগ্রহীতাকে অটো পেমেন্টে যুক্ত করাই তাদের লক্ষ্য।

যারা বর্তমানে অটো পেমেন্টে নেই, তারা নিজেদের স্টুডেন্ট লোন সার্ভিসারের অ্যাকাউন্টে লগইন করে অটো পেমেন্টের অপশন নির্বাচন করতে পারবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে পেমেন্টের বিস্তারিত নিশ্চিত করতে হবে।

তবে ঋণগ্রহীতা যদি ডিফল্ট অবস্থায় থাকেন, তাহলে সরাসরি অটো পেমেন্টে যুক্ত হওয়া যাবে না। তাদের প্রথমে StudentAid.gov-এ লগইন করে যোগ্য ঋণগুলো একত্র করতে এবং নতুন রিপেমেন্ট প্ল্যানে আবেদন করতে হবে। এরপর অটো পেমেন্ট চালু করার সুযোগ পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার