Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরান নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, ‘ভালো-মন্দ যেকোনো উপায়ে’ শিগগিরই ইতি টানার ইঙ্গিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

ইরান নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, ‘ভালো-মন্দ যেকোনো উপায়ে’ শিগগিরই ইতি টানার ইঙ্গিত

বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির সঙ্গে চুক্তি না হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নিয়ে সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে এবং বিষয়টি ‘একভাবে না একভাবে’ শেষ হবে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ—ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো অথবা সামরিক পদক্ষেপ নেওয়া। ইরানি কর্মকর্তাদের সঙ্গে কীভাবে আলোচনা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষায় বলেন, চুক্তি না হলে তাদের ‘উড়িয়ে দেওয়া’ হতে পারে।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কয়েক দিন আগেই ট্রাম্প ইরানের পক্ষ থেকে দেওয়া একটি শান্তি প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন। তবে বুধবার ইরানি কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে মূল মতপার্থক্যের একটি বড় বিষয় হলো চুক্তি বাস্তবায়নের সময়সূচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভার কাছে তুলে ধরেছেন বলে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, চুক্তিকে বাস্তবে রূপ দিতে তার সরকার সব ধরনের চেষ্টা চালাবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় দৃঢ় থাকবে। তার ভাষায়, সম্ভাব্য চুক্তি অবশ্যই দুই পক্ষের জন্য গ্রহণযোগ্য বা ‘উইন-উইন’ ভিত্তির হতে হবে।

ইরানের অর্থনীতিও দীর্ঘ যুদ্ধের চাপে আরও দুর্বল হয়ে পড়েছে। ২৯ সেপ্টেম্বর দেশটির মুদ্রা রিয়ালের দর এক ডলারের বিপরীতে ২৫ লাখেরও বেশি রিয়ালে নেমে যায়, যা নতুন রেকর্ড। এর মাত্র ২৭ দিন আগে, ২ সেপ্টেম্বর, প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর প্রায় ২২ লাখে নেমেছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারীদের তৎপরতা অব্যাহত রয়েছে। কাতার ও পাকিস্তানসহ বিভিন্ন পক্ষ দুই দেশের মধ্যে সমঝোতার পথ খুঁজছে। আলোচনায় হরমুজ প্রণালি পুনরায় চালু করা, যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন শর্ত উঠে আসছে।

ইরানের সঙ্গে উত্তেজনার প্রভাব জ্বালানি বাজারেও পড়েছে। সেপ্টেম্বরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআই প্রায় ৫ শতাংশ বেড়েছিল। তবে ১ অক্টোবর সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তেলের দাম কিছুটা কমেছে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, কূটনৈতিক সমঝোতার পাশাপাশি সামরিক বিকল্পও আলোচনার কেন্দ্রেই রয়েছে। তবে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার