Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি, বিভিন্ন কারণে আড়াই লাখের বেশি ভিসা বাতিল

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ এএম

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি, বিভিন্ন কারণে আড়াই লাখের বেশি ভিসা বাতিল

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রোধ এবং দেশটিতে প্রবেশাধিকারের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আড়াই লাখেরও বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ভিসার শর্ত লঙ্ঘন, ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার ডাক দেওয়া, সাধারণ নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ার মতো বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে আড়াই লাখেরও বেশি ভিসা বাতিল করার ঘটনাটি আমেরিকানদের সুরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো ভিসা প্রদান বা বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

যুক্তরাষ্ট্র কারও জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং একটি সুযোগ; আর কেউ সেই সুযোগের অপব্যবহার করলে তাকে তা হারাতেই হবে।

বাতিল হওয়া এই বিপুলসংখ্যক ভিসার মধ্যে তথাকথিত 'বার্থ ট্যুরিজম' বা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা গর্ভবতী নারীদের প্রায় ২ হাজার ৩০০টি ভিসাও রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর ২৭ জন বর্তমান ও সাবেক লাতিন আমেরিকান কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের ভিসাও সম্প্রতি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, শুধু গত আগস্ট মাসেই ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল, যার সিংহভাগই মাদক, চুরি, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং জালিয়াতির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কার্যকর হয়।

একই সাথে ব্যবসা ও পর্যটন ভিসায় (বি১/বি২) এসে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রায় দুই লাখ বিদেশির ভিসাও বাতিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা ভিসাধারীরা এই যাচাই প্রক্রিয়ার লক্ষ্যবস্তু হতে যাচ্ছেন।

মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউ জানিয়েছেন, রাজনৈতিক আশ্রয়কে অভিবাসন আইন ফাঁকি দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা বন্ধ করতেই এই কড়াকড়ি। তাঁর মতে, আইনি কাঠামোর বাইরে গিয়ে করা ভিত্তিহীন আবেদনের চাপ সামলাতে গিয়ে পুরো ব্যবস্থা বছরের পর বছর স্থবির হয়ে পড়ছে, যা আর বরদাশত করা হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার