Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওবামাকেয়ার রিফান্ড, প্রায় ১০ লাখ মানুষকে ৫০০ ডলার করে ফেরত দিচ্ছে ট্রাম্প প্রশাসন

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম

যুক্তরাষ্ট্রে ওবামাকেয়ার রিফান্ড, প্রায় ১০ লাখ মানুষকে ৫০০ ডলার করে ফেরত দিচ্ছে ট্রাম্প প্রশাসন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তাঁর প্রশাসনের দাবি, 'অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' বা ওবামাকেয়ারের ফেডারেল এক্সচেঞ্জের মাধ্যমে স্বাস্থ্যবিমা কেনার সময় বাইডেন প্রশাসন এসব নাগরিকের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করেছিল।

এই অর্থ ফেরতের অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর থেকে ট্রেজারি ডিপার্টমেন্টের চেক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করা চিঠি পাঠানো শুরু হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ৯ লাখ ৫০ হাজারেরও বেশি নাগরিক এই অর্থ পাবেন।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন যে, হেলথকেয়ার ডট গভ (HealthCare.gov)-এর কার্যক্রম পরিচালনার জন্য বাইডেন প্রশাসন বছরের পর বছর ধরে অতিরিক্ত অর্থ নিয়েছে। তিনি চিঠিতে লিখেছেন, "এই অর্থ কঠোর পরিশ্রমী আমেরিকানদের, সরকারের নয়; আর তাই আমি এটি আপনাদের ফেরত দিচ্ছি!"।

এর আগে গত ১০ সেপ্টেম্বর হোয়াইট হাউসের প্রকাশ করা একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই 'ওবামাকেয়ার রিফান্ড'-এর ঘোষণা দিয়েছিলেন। উল্লেখ্য, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখলে সব নাগরিককে ৫ হাজার ডলার করে লভ্যাংশ দেওয়ার যে বিতর্কিত প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, এই রিফান্ড তার থেকে সম্পূর্ণ আলাদা।

হোয়াইট হাউসের দাবি, বাইডেন প্রশাসন স্বাস্থ্যবিমা সংস্থাগুলোর কাছ থেকে যে ফি সংগ্রহ করেছিল, তা প্রিমিয়াম বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের থেকেই নেওয়া হয় এবং এই অর্থের পরিমাণ এক্সচেঞ্জ পরিচালনার জন্য প্রয়োজনীয় খরচের চেয়ে অনেক বেশি ছিল। তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ আগে এ ধরনের চেক বিতরণের বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে যখন সাধারণ আমেরিকানরা উদ্বিগ্ন, তখন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যে ৩০টি অঙ্গরাজ্যের নাগরিকরা এই রিফান্ড পাবেন, তারা মূলত নিজেদের কোনো পূর্ণাঙ্গ এক্সচেঞ্জ পরিচালনা করে না এবং আংশিক বা সম্পূর্ণভাবে ফেডারেল এক্সচেঞ্জের ওপর নির্ভরশীল। তবে যেসব রাজ্য নিজেদের এক্সচেঞ্জ পরিচালনা করে এবং যাদের কাছ থেকে ফেডারেল সরকার কোনো ফি সংগ্রহ করেনি, সেসব রাজ্যের নাগরিকরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না।

সুবিধাভোগীদের বেশিরভাগই এমন ব্যক্তি যাদের আয় ফেডারেল দারিদ্র্য সীমার ৪০০ শতাংশের ওপরে বা আশপাশে। চিঠির শেষে ট্রাম্প জানিয়েছেন, তিনি আমেরিকানদের সবকিছুর আগে রাখতে, স্বাস্থ্যসেবার খরচ কমাতে এবং জনগণের কষ্টার্জিত অর্থ রক্ষায় তার লড়াই চালিয়ে যাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার