বিজ্ঞাপন
১০০ বছরের বেশি সময় পর নতুন প্রজাতির পেঙ্গুইন আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
বিজ্ঞাপন
১০০ বছরেরও বেশি সময় পর পৃথিবীতে নতুন একটি পেঙ্গুইন প্রজাতির আনুষ্ঠানিক শনাক্তকরণ করেছেন বিজ্ঞানীরা। দক্ষিণ ভারত মহাসাগরের দুর্গম কের্গেলেন দ্বীপপুঞ্জে বসবাসকারী এই পেঙ্গুইনের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে Pygoscelis kerguelensis। গবেষকদের মতে, এতদিন এটিকে পরিচিত জেন্টু পেঙ্গুইনেরই একটি জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হলেও জিনগত ও পরিবেশগত বৈশিষ্ট্যের বিশ্লেষণে এটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে।
কের্গেলেন দ্বীপপুঞ্জ দক্ষিণ ভারত মহাসাগরের একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যা স্থায়ীভাবে বসবাসকারী নিকটতম জনবসতি থেকে প্রায় ২ হাজার মাইল দূরে। এই ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে সেখানকার পেঙ্গুইন জনগোষ্ঠী দীর্ঘদিন গবেষকদের নজরের বাইরে ছিল। চিলি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল এই জনগোষ্ঠীর ওপর বিস্তারিত গবেষণা চালিয়ে নতুন প্রজাতিটির পরিচয় নিশ্চিত করে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী Communications Biology-তে। গবেষকেরা জেন্টু পেঙ্গুইনের বিভিন্ন উপনিবেশ থেকে সংগৃহীত জিনগত তথ্যের সঙ্গে তাদের শারীরিক বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, প্রজননের সময়, আচরণ এবং বসবাসের পরিবেশ তুলনা করেছেন। পুরো জিনগত কাঠামোর তথ্য বিশ্লেষণে ১০টি প্রজনন উপনিবেশের ৬৪টি পেঙ্গুইনের নমুনা ব্যবহার করা হয়। এতে দেখা যায়, আগে একটি প্রজাতি হিসেবে বিবেচিত জেন্টু পেঙ্গুইন আসলে চারটি স্বতন্ত্র বিবর্তনীয় ধারায় বিভক্ত।
নতুন শনাক্ত হওয়া কের্গেলেন পেঙ্গুইন ছাড়াও গবেষকেরা উত্তরাঞ্চলীয়, দক্ষিণাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় জেন্টু পেঙ্গুইনকে পৃথক প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। উত্তরাঞ্চলীয় প্রজাতি মূলত দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড বা মালভিনাস ও মার্তিয়ো দ্বীপ এলাকায় দেখা যায়। দক্ষিণাঞ্চলীয় প্রজাতি অ্যান্টার্কটিকা ও আশপাশের এলাকায় বিস্তৃত। আর পূর্বাঞ্চলীয় প্রজাতির আবাস ক্রোজে, মেরিয়ন ও ম্যাককুয়ারি দ্বীপপুঞ্জে।
দেখতে চার ধরনের জেন্টু পেঙ্গুইনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে গবেষকেরা জিনগত বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য পেয়েছেন। শারীরিক গঠন, আকার, ডাক, খাদ্যাভ্যাস ও পরিবেশগত অভিযোজনের কিছু পার্থক্যও তাদের আলাদা বিবর্তনীয় পরিচয়ের পক্ষে প্রমাণ দিয়েছে। গবেষণায় দেখা গেছে, এই জনগোষ্ঠীগুলো অতীতে কখনো কখনো পরস্পরের সঙ্গে জিন বিনিময় করলেও দীর্ঘ সময় ধরে ভৌগোলিক বিচ্ছিন্নতা ও নিজ নিজ পরিবেশে অভিযোজনের কারণে আলাদা পথে বিবর্তিত হয়েছে।
বিজ্ঞানীদের মতে, কের্গেলেন অঞ্চলের পেঙ্গুইনদের মধ্যে বিশেষভাবে উচ্চ জিনগত বৈচিত্র্য রয়েছে। গবেষকদের ধারণা, অতীতের বরফযুগগুলোতে এই দ্বীপপুঞ্জ পেঙ্গুইনদের জন্য এক ধরনের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকতে পারে। দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন অবস্থায় টিকে থাকার কারণেই এই জনগোষ্ঠীর নিজস্ব জিনগত বৈশিষ্ট্য গড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণাটি শুধু নতুন একটি প্রজাতির পরিচয় নিশ্চিত করেনি, পেঙ্গুইনদের বিবর্তন কীভাবে ঘটেছে সে সম্পর্কেও নতুন তথ্য দিয়েছে। গবেষকেরা বলছেন, জেন্টু পেঙ্গুইন সাধারণত মাছ, ক্রিল, স্কুইড ও কাটলফিশসহ বিভিন্ন ধরনের খাবার খায়। ফলে খাবারের সন্ধানে তাদের খুব দূরে যেতে হয় না এবং তারা বছরের পর বছর একই প্রজনন এলাকায় ফিরে আসে। বিচ্ছিন্ন দ্বীপগুলোতে দীর্ঘদিন একই পরিবেশে বসবাসের ফলে স্থানীয় জনগোষ্ঠীগুলোর আচরণ ও পরিবেশগত অভিযোজন ধীরে ধীরে আলাদা হয়ে যায়।
জিনগত বিশ্লেষণে চার প্রজাতির পরিবেশের সঙ্গে অভিযোজনের মধ্যেও পার্থক্য পাওয়া গেছে। অ্যান্টার্কটিক অঞ্চলে বসবাসকারী দক্ষিণাঞ্চলীয় জেন্টু পেঙ্গুইনের জিনে শরীরের তাপ উৎপাদন, চর্বি ও শক্তি সঞ্চয় এবং আলোর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে পূর্বাঞ্চলীয় জেন্টু পেঙ্গুইনের ক্ষেত্রে শক্তি-সাশ্রয়ী বিপাকক্রিয়া ও ডুব দেওয়ার সক্ষমতার সঙ্গে সম্পর্কিত জিনগত বৈশিষ্ট্য দেখা গেছে।
নতুন প্রজাতি শনাক্ত হওয়ার বিষয়টি সংরক্ষণনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকেরা। কারণ আগে একই প্রজাতির অংশ হিসেবে বিবেচিত জনগোষ্ঠীগুলোর আলাদা পরিবেশগত প্রয়োজন ও ভবিষ্যৎ ঝুঁকি থাকতে পারে। গবেষণায় ভবিষ্যৎ জলবায়ু পরিস্থিতির মডেল বিশ্লেষণ করে বলা হয়েছে, চার প্রজাতির মধ্যে তিনটির উপযুক্ত আবাসস্থল জলবায়ু পরিবর্তনের কারণে উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিপরীতে অ্যান্টার্কটিক অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় জেন্টু পেঙ্গুইনের বিস্তৃতি কিছু ক্ষেত্রে বাড়তেও পারে।
গবেষকেরা তাই ভবিষ্যৎ সংরক্ষণমূল্যায়ন এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার তালিকায় চার প্রজাতিকে আলাদাভাবে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, কোনো প্রাণীর ভেতরে থাকা এমন গোপন জৈববৈচিত্র্য শনাক্ত করা গেলে প্রতিটি জনগোষ্ঠীর জন্য আলাদা সংরক্ষণ পরিকল্পনা নেওয়া সম্ভব হয়। এক শতাব্দীরও বেশি সময় পর নতুন পেঙ্গুইন প্রজাতির এই আনুষ্ঠানিক স্বীকৃতি দক্ষিণ মহাসাগরের জীববৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকেও নতুনভাবে সাজাচ্ছে।
সূত্র: Communications Biology, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি