Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি করে হ ত্যা, কয়েক মিনিটেই শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ এএম

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি করে হ ত্যা, কয়েক মিনিটেই শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাবলিনে নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের এক শীর্ষ কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জোনাথন ম্যাককিনসে (৪০) প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের পার্কিং লটে এই ভয়ংকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হত্যায় জড়িত থাকার সন্দেহে নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ম্যাককিনসে নিউইয়র্ক টাইমসে কর্মরত ছিলেন বলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

ডাবলিন পুলিশ সার্ভিস জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৮ মিনিটের দিকে স্পোর্টস কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়ার সময় টহলরত এক পুলিশ সার্জেন্ট পার্কিং লটে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঠিক একই সময়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ একাধিক কল আসতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ম্যাককিনসের একাধিক গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে এবং স্পটেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এ সময় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ঘটনাস্থলে থাকা সন্দেহভাজন দুজনকে দ্রুত আটক করে পুলিশ। পরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়—তারা হলেন ম্যাককিনসের শ্বশুর শৌয়ং ঝাং (৭৭) এবং শাশুড়ি শিলিং চেন (৭৭)। তারা দুজনই ডাবলিনের বাসিন্দা। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে সান্তা রিটা কারাগারে পাঠানো হয়েছে। আগামী বুধবার ইস্ট কাউন্টি হল অব জাস্টিসে তাদের হাজির করার কথা রয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় নতুন করে কোনো সন্দেহভাজন নেই এবং জননিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই। এদিকে, মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের হাতে আসা আদালতের নথিপত্র থেকে জানা গেছে, নিহত ম্যাককিনসে বেশ কয়েকটি আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

২০২৫ সালের অক্টোবরে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছিল, যার প্রাক-শুনানি গত ১০ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এছাড়া ম্যাককিনসে এবং তার স্ত্রী ক্যান্ডিস জ্যাং উভয়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সন্তানের হেফাজত নিয়ে পাল্টাপাল্টি মামলা ছিল। এমনকি ২০২৫ সালের ডিসেম্বরে তিনি বিবাহবিচ্ছেদেরও আবেদন করেছিলেন, যার শুনানি আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার