Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কের রাস্তায় প্রায় ৫ হাজার গৃহহীন, আশ্রয়কেন্দ্রসহ সংখ্যা দেড় লাখের কাছাকাছি

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ এএম

নিউইয়র্কের রাস্তায় প্রায় ৫ হাজার গৃহহীন, আশ্রয়কেন্দ্রসহ সংখ্যা দেড় লাখের কাছাকাছি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অন্যতম মেগাসিটি নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। নিউইয়র্ক স্টেট কম্পট্রোলারের সাম্প্রতিক এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে শহরটিতে রাস্তা, পার্ক বা সাবওয়ের মতো উন্মুক্ত স্থানে বসবাসকারী গৃহহীনের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে।

তবে সরকারি ও বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের হিসাব ধরলে নিউইয়র্ক সিটির মোট গৃহহীন জনসংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার। গত ১০ মার্চ রাতে পরিচালিত ‘হোমলেস আউটরিচ পপুলেশন এস্টিমেট’ বা হোপ জরিপে উন্মুক্ত স্থানে থাকা ৪ হাজার ৯৯১ জনকে শনাক্ত করা হয়, যা গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। তীব্র শীতের কারণে এবার নির্ধারিত সময়ের বদলে মার্চ মাসে এই জরিপটি চালানো হয়েছিল।

স্টেট কম্পট্রোলার থমাস ডিনাপোলির কার্যালয়ের প্রতিবেদন বলছে, ২০১৯ সালের তুলনায় শহরে মোট গৃহহীনের সংখ্যা প্রায় ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, মোট গৃহহীন জনসংখ্যার ৯৭ শতাংশই কোনো না কোনো ধরনের আশ্রয়কেন্দ্রের সহায়তা পাচ্ছেন।

রাস্তার গৃহহীনদের সংখ্যা কয়েক হাজার হলেও, সামগ্রিক গৃহহীন জনসংখ্যার তুলনায় তা তুলনামূলক কম। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে উন্মুক্ত স্থানে থাকা গৃহহীনের সংখ্যা ছিল ৩ হাজার ৫৮৮ জন, যা ২০২৫ অর্থবছরে বেড়ে ৪ হাজার ৫০৪ জন এবং ২০২৬ সালের জরিপে প্রায় পাঁচ হাজারে উন্নীত হয়েছে।

নিউইয়র্ক স্টেটের সার্বিক চিত্রও বেশ হতাশাজনক। যুক্তরাষ্ট্রের হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগের সর্বশেষ তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পুরো স্টেটে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৫৬০ জন। যদিও ২০২৪ সালের তুলনায় মোট সংখ্যা ৭ দশমিক ৯ শতাংশ কমেছে, তবে স্টেটের ২৫টি গৃহহীনতা-সেবা অঞ্চলের মধ্যে ১৭টিতেই এই সমস্যা আরও প্রকট হয়েছে।

আশ্রয়কেন্দ্রে থাকা মানুষসহ বিশাল এই গৃহহীন জনগোষ্ঠী প্রমাণ করে যে, সাশ্রয়ী মূল্যের বাসস্থানের অভাব এবং দীর্ঘমেয়াদি আবাসন সংকট নিউইয়র্ক সিটি তথা পুরো স্টেটের জন্যই এখন অন্যতম প্রধান এক চ্যালেঞ্জ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার