বিজ্ঞাপন
কানাডিয়ান কিশোরকে অপহরণের অভিযোগ, আমেরিকা- কানাডা সীমান্তে দুই বাংলাদেশি আটক
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
বিজ্ঞাপন
কানাডার অন্টারিও প্রদেশের সল্ট সেন্ট মেরিতে ১৫ বছর বয়সী এক কিশোরকে অপহরণের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ভাষ্য, কিশোরকে একটি হোটেলে নেওয়ার সময় ভুল মোড় নিয়ে তাঁরা যুক্তরাষ্ট্রগামী সেতুতে উঠে পড়েন। কানাডায় ফেরার পথে সীমান্ত কর্মকর্তাদের নজরে আসে গাড়িতে থাকা কিশোর।
সাডবেরি ডটকমের প্রতিবেদনে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলা হয়েছে, ঘটনাটি ঘটে শনিবার, ১৯ সেপ্টেম্বর। রাত সোয়া ১০টার কিছু পর কানাডার সীমান্ত কর্মকর্তারা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশের তদন্ত অনুযায়ী, সেদিন এর আগে ওই দুই ব্যক্তি কিশোরকে গাড়িতে তোলেন এবং পরে তাকে গাড়ি থেকে নামতে দেননি। কিশোরটির সঙ্গে অভিযুক্তদের ঘনিষ্ঠ পরিচয় ছিল না বলে জানিয়েছে পুলিশ। কিশোরকে একটি হোটেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশের ভাষ্য।
ভুল মোড় নেওয়ার পর গাড়িটি সল্ট সেন্ট মেরি আন্তর্জাতিক সেতুতে উঠে পড়ে। পরে কানাডায় ফেরার সময় সীমান্ত কর্মকর্তারা গাড়ির ভেতর কিশোরকে দেখতে পান এবং দুই বাংলাদেশী ব্যক্তিকে আটক করেন।
অভিযুক্তরা হলেন সল্ট সেন্ট মেরির ৪০ বছর বয়সী সাহান আলম এবং সাডবেরির ২৯ বছর বয়সী হাসান আল মামুন। তাঁদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। জামিন শুনানির অপেক্ষায় তাঁদের হেফাজতে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত দুজনই নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।