বিজ্ঞাপন
নিউইয়র্কে ডেলিভারি দিতে গিয়ে অ্যাপার্টমেন্টের লবিতে প্রস্রাব, ক্যামেরায় ধরা পড়লেন কর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
বিজ্ঞাপন
নিউইয়র্কের গ্রিনউইচ ভিলেজের একটি অভিজাত অ্যাপার্টমেন্ট ভবনের লবিতে প্রস্রাব করার অভিযোগ উঠেছে এক অ্যামাজন ডেলিভারি কর্মীর বিরুদ্ধে। ভবনের বাসিন্দার রিং ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় ওই বাসিন্দার বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত ২৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্লিকার স্ট্রিট ও কারমাইন অ্যাভিনিউয়ের কাছাকাছি একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবনে ঘটে। ডনি নামে ৩০ বছর বয়সী এক বাসিন্দা ঘটনার শিকার হয়েছেন। নিরাপত্তার কারণে তার পুরো নাম প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের হালকা নীল ও ধূসর রঙের পোশাক পরা এক ডেলিভারি কর্মী ভবনের প্রবেশপথে এসে ইলেকট্রনিক দরজার ঘণ্টা বাজান। ডনি তাকে ভবনের ভেতরে প্রবেশের অনুমতি দেন। তখন ওই কর্মীর আচরণে কোনো অস্বাভাবিকতা তিনি লক্ষ্য করেননি।
পরে রিং ক্যামেরার ভিডিও দেখার সময় তিনি বিষয়টি জানতে পারেন। ভিডিওতে দেখা যায়, ডেলিভারি কর্মী লবিতে ঢোকার পর চারপাশে তাকান। এরপর তিনি প্যান্ট খুলে ভবনের করিডোর ও সেখানে থাকা কয়েকটি আসবাবের ওপর প্রস্রাব করেন বলে অভিযোগ করা হয়েছে।
ডনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ওই ব্যক্তি এমনভাবে ভবনের ভেতরের দিকে চলে যান, যেন তিনি এর আগেও সেখানে বহুবার এসেছেন। তার ভাষ্য অনুযায়ী, করিডোরে রাখা জুতা, একটি চেয়ার ও একটি টেবিল ওই তরলের সংস্পর্শে আসে।
ঘটনার পর ডনি অ্যামাজনের কাছে বিষয়টি জানান। তার দাবি, প্রতিষ্ঠানটি ঘটনাটিকে অত্যন্ত খারাপ ঘটনা হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করে এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে ৫০ ডলারের একটি উপহার কার্ড দেওয়ার প্রস্তাব দেয়। তবে ডনি সেটি গ্রহণ করেননি।
ডনির দাবি, প্রস্রাবে ভিজে যাওয়ার কারণে জুতা, চেয়ার ও টেবিলসহ কয়েকটি জিনিস তিনি আর ব্যবহার করতে পারেননি এবং শেষ পর্যন্ত সেগুলো ফেলে দিতে হয়েছে। ঘটনাটির পর ভবনে কোনো ডেলিভারি কর্মী প্রবেশ করলে তিনি এখন ক্যামেরায় নজর রাখেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, ভবনে তার পাঁচ বছর বয়সী ভাগনেও নিয়মিত আসে। ডনির আশঙ্কা, ওই সময় তার পরিবারের কেউ বা অতিথি বাইরে বের হলে তাদের সামনে এমন ঘটনা ঘটতে পারত।
ঘটনাটি নিয়ে আইনগত পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আইনজীবী ক্যারি লন্ডন জানিয়েছেন, অ্যামাজনের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিভিন্ন পথ তারা খতিয়ে দেখছেন। তবে শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে অ্যামাজনের নীতিতেও পরিবর্তন চান তারা।
অ্যামাজন অবশ্য ওই কর্মীর কর্মকাণ্ড থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র লেই অ্যান গুলেট এক বিবৃতিতে বলেন, ঘটনাটি অ্যামাজনের ডেলিভারি সার্ভিস পার্টনারদের কাছ থেকে প্রত্যাশিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই ব্যক্তি অ্যামাজনের সরাসরি কর্মী ছিলেন না। তিনি অ্যামাজনের একটি স্বাধীন ডেলিভারি সার্ভিস পার্টনার প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন।
অ্যামাজন জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি আর অ্যামাজনের প্যাকেজ সরবরাহ করছেন না। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
অ্যামাজনের ডেলিভারি ব্যবস্থায় চালকদের জন্য বিশ্রাম ও শৌচাগার ব্যবহারের সুযোগ থাকার কথাও প্রতিষ্ঠানটি জানিয়েছে। ডেলিভারি অ্যাপের মাধ্যমে চালকদের কাছাকাছি শৌচাগারের অবস্থান দেখানো হয়। পাশাপাশি তাদের সময়সূচিতে ৩০ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি এবং দুটি ১৫ মিনিটের বিরতির ব্যবস্থা রয়েছে।
ঘটনার বিষয়ে কোনো গ্রেপ্তার, পুলিশি তদন্ত বা আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে ভিডিওতে দেখা ব্যক্তির বিরুদ্ধে আইনগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্যও প্রকাশ্যে নেই।
সূত্র: নিউইয়র্ক পোস্ট