বিজ্ঞাপন
যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ট্যাক্সিচালকের লাইসেন্স আজীবন বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ এএম
বিজ্ঞাপন
ফিলিপাইনে এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ই-ট্যাক্সিচালকের ড্রাইভিং লাইসেন্স আজীবনের জন্য বাতিল করেছে দেশটির ল্যান্ড ট্রান্সপোর্টেশন অফিস বা এলটিও। ফলে ওই ব্যক্তি ভবিষ্যতে আর কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না।
ঘটনাটি গত ১২ সেপ্টেম্বর ভোররাতের। অভিযোগকারী নারী জানান, ট্যাক্সিতে যাত্রার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। নির্ধারিত গন্তব্যে নামিয়ে দেওয়ার পরিবর্তে চালক তাকে অন্য একটি স্থানে নিয়ে যান এবং সেখানে যৌন নিপীড়ন করেন বলে তার অভিযোগ।
এলটিওর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের তদন্ত ও শুনানিতে চালক স্বীকার করেন, ১২ সেপ্টেম্বর রাত প্রায় ৩টার সময় তিনিই ওই ট্যাক্সি চালাচ্ছিলেন। শপথনামায় গাড়ির ভেতরে যৌন কার্যকলাপ হয়েছিল বলেও স্বীকার করেন তিনি। তবে এই স্বীকারোক্তি নিজে থেকেই অভিযোগকারী নারীর যৌন নিপীড়নের অভিযোগের ফৌজদারি সত্যতা নির্ধারণ করে না।
তদন্ত শেষে এলটিও তাকে মোটরযান চালানোর জন্য অনুপযুক্ত ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এরপর তার লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয় এবং ভবিষ্যতে যেকোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগও বন্ধ করে দেওয়া হয়।
এর আগে অভিযোগ সামনে আসার পর চালক ও ট্যাক্সিটির অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এলটিও। চালকের লাইসেন্স ৯০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করে তদন্ত চলাকালে সেটি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
ট্যাক্সিটির অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এলটিও জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির শর্ত লঙ্ঘন এবং অসৌজন্যমূলক চালক নিয়োগের দায় পাওয়া গেছে। সংশ্লিষ্ট গাড়িটিও এখনো এলটিওর ‘অ্যালার্ম স্ট্যাটাসে’ রয়েছে।
এলটিও প্রধান মার্কুস লাকানিলাও বলেছেন, যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিশেষ দায়িত্ব রয়েছে। সড়কে কোনো ধরনের নির্যাতন বা অপব্যবহার সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
ঘটনাটি প্রথম সামনে আসার পর তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ এবং যাত্রীর বুকিংয়ের তথ্য ব্যবহার করে চালকের পরিচয় নিশ্চিত করেছিলেন বলে ফিলিপাইন স্টার জানিয়েছে।