বিজ্ঞাপন
ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণ, বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম
বিজ্ঞাপন
ভারতের পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির (এলপিইউ) ক্যাম্পাসে বহিরাগত দ্বারা এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভের একপর্যায়ে এক শিক্ষার্থী ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপরে উঠে পড়েন। প্রায় ১০ শিক্ষার্থীকে ক্যাম্পাসে রাখা একটি সামরিক ট্যাংকের ওপরও উঠে থাকতে দেখা যায়। ঘটনাটির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ধর্ষণের অভিযোগটি এখনো নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য জানতে তদন্ত চলছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব হিসেবে উল্লেখ করে বলেছে, ছড়িয়ে পড়া দাবির কোনো সত্যতা নেই।
এই উত্তেজনার সূত্রপাত হয় শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে মেয়েদের হোস্টেলের কাছে। শিক্ষার্থীদের অভিযোগ, ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। তাদের দাবি, ওই ঘটনায় একজন প্লাম্বার বা নির্মাণকর্মী জড়িত ছিলেন ও হোস্টেল ওয়ার্ডেনকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে জানালার কাচ ও ফুলের টব ভাঙা, ভবনের কিছু অংশ ও বিভিন্ন জিনিসে আগুন ও ক্যাম্পাসের কয়েকটি দোকান ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
কাপুরথলা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তুরা বলেন, পুলিশ ক্যাম্পাসে পৌঁছানোর পর জানতে পারে, ধর্ষণের ঘটনা নিয়ে গুজব ছড়িয়েছে ও সেই গুজবের জেরেই শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। পাশাপাশি এলপিইউ প্রশাসন নিয়ে শিক্ষার্থীদের আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের কথা শুনে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে ও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
পরে জলন্ধর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) নবীন সিংলা জানান, পুলিশ ওই শিক্ষার্থীর বক্তব্য পেয়েছে ও একটি মামলা করা হয়েছে। অভিযুক্তের পরিচয় তখনো নিশ্চিত না হওয়ায় শুরুতে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
সিংলা বলেন, শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, জি-৩ হোস্টেলে থাকা এক তরুণী তিন দিন আগে ধর্ষণের শিকার হয়েছেন ও পরে বাড়ি ফিরে গেছেন। অভিযোগটি খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফোনের তথ্য পরীক্ষা করা হবে। তদন্তে শিক্ষার্থী নেতাদেরও সঙ্গে রাখা হবে বলে জানান তিনি। এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন ফগওয়ারার পুলিশ সুপার মেজর সিং।
সূত্র: এনডিটিভি