বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের অনুমোদিত প্রায় ১০০ কোটি ডলারের তহবিল বাতিল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ এএম
বিজ্ঞাপন
মার্কিন কংগ্রেসের অনুমোদন দেওয়া প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের সরকারি ব্যয় বা বরাদ্দ বাতিল ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। অভিবাসী সেবা এবং বৈচিত্র্য ও সমতাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বরাদ্দ ছাঁটাই করতে এক বিরল ও বিতর্কিত আইনি ক্ষমতা প্রয়োগ করেছে হোয়াইট হাউস।
ট্রাম্পের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এই পদক্ষেপকে সরকারের ‘সবচেয়ে ক্ষতিকর ব্যয়’ রোধ করার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। প্রশাসনের দাবি, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই তহবিলগুলোর আর প্রয়োজন নেই। ফলে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীনে পরিচালিত শরণার্থী ও অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী শিশুদের সহায়তা সংক্রান্ত কর্মসূচিগুলোতেই সবচেয়ে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে।
অভিবাসী সহায়তা ছাড়াও শিক্ষা বিভাগের অভিবাসী শিক্ষার্থী কর্মসূচি, বিচার বিভাগের বর্ণগত উত্তেজনা প্রশমন দপ্তর, সংখ্যালঘু উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়ন উদ্যোগ এবং আবাসন বিভাগের কাউন্সেলিং সেবার বরাদ্দও বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক শিক্ষা সংক্রান্ত তথাকথিত 'ওক' (woke) কর্মসূচি থেকে ৭ কোটি ডলার, স্বাস্থ্য গবেষণা অনুদান থেকে ২ কোটি ৮০ লাখ ডলার, সংখ্যালঘু ব্যবসা উন্নয়ন প্রকল্প থেকে ১ কোটি ডলার এবং জলবায়ু নীতিতে অর্থায়ন করা বিদেশি দেশগুলোর ঋণ মওকুফ তহবিল থেকে ৯০ লাখ ডলার প্রত্যাহার করছে প্রশাসন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে দাবি করা হয়, ক্ষতিগ্রস্ত এসব সংস্থার বেশ কয়েকটির নেতৃত্বে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন।
তবে ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে খোদ রিপাবলিকান দলের ভেতর থেকেই তীব্র প্রতিক্রিয়া এসেছে। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ার ও রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স কোনো পূর্ব সতর্কতা বা আলোচনা ছাড়া নেওয়া এই পদক্ষেপকে কংগ্রেসের আর্থিক ক্ষমতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।
তিনি একে ‘অবৈধ কার্যক্রম’ অভিহিত করে জানান, ওএমবি কোনোভাবেই কোন কর্মসূচি চলবে আর কোনটি বন্ধ হবে তা এককভাবে নির্ধারণ করতে পারে না। অন্যদিকে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট সদস্য প্যাটি মারে এই পদক্ষেপকে ‘আমেরিকান জনগণের সঙ্গে প্রকাশ্য চুরি’ হিসেবে বর্ণনা করে জানান, দ্বিদলীয় ঐকমত্যে পাস হওয়া এই অর্থ সাধারণ মানুষের কাজে না লাগিয়ে প্রশাসন ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে।
ফেডারেল আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রস্তাবিত ব্যয় সংকোচনের ওপর পর্যালোচনার জন্য কংগ্রেসকে ৪৫ দিন সময় দেওয়ার নিয়ম রয়েছে। তবে অর্থবছর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন বাকি থাকতে এবং প্রতিনিধি পরিষদের অধিবেশন মুলতবি থাকা অবস্থায় এই ঘোষণা দিয়ে সেই সুযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
মার্কিন সরকারের ওয়াচডগ সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও)-এর মতে, আইনপ্রণেতাদের পাশ কাটিয়ে তহবিল বাতিল করার এই 'পকেট রিসিশন' কৌশলটি আইনসম্মত নয়। এর আগেও গত বছর বিদেশি সহায়তার প্রায় ৫০০ কোটি ডলার আটকে দিয়ে ট্রাম্প প্রশাসন বিতর্কের জন্ম দিয়েছিল, যা আদালত পর্যন্ত গড়ায়।
এবার অভ্যন্তরীণ জনকল্যাণমূলক কর্মসূচিতে একই ধরনের হস্তক্ষেপ করায় নির্বাহী বিভাগ ও আইনসভার মধ্যে নতুন করে তীব্র সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।