বিজ্ঞাপন
নিউইয়র্কে দায়িত্ব নেওয়ার ৯ মাসেই জনপ্রিয়তায় এগিয়ে মামদানি, পেছনে প্রবীণ নেতারা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ এএম
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের মাত্র নয় মাস পর নিউইয়র্ক সিটির সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আবির্ভূত হয়েছেন মেয়র জোহরান মামদানি। সম্প্রতি প্রকাশিত কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক নতুন জরিপে এই অভাবনীয় তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৪৬ শতাংশ সম্ভাব্য ভোটার মামদানিকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন।
এর বিপরীতে ৩৬ শতাংশের তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে এবং ১৫ শতাংশ ভোটার জানিয়েছেন যে তাঁর সম্পর্কে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য তাঁদের কাছে নেই। একই দিনে প্রকাশিত সিয়েনা কলেজের আরেকটি পৃথক জরিপেও মামদানির পক্ষে ৪৬ শতাংশ ইতিবাচক সমর্থনের কথা জানানো হলেও, সেখানে তাঁর নেতিবাচক রেটিং কিছুটা বেশি—৪৪ শতাংশ।
কুইনিপিয়াক জরিপে মামদানির অবস্থান নিউইয়র্কের অন্যান্য শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের চেয়েও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। জরিপের ফলাফলে দেখা যায়, রাজ্যজুড়ে মার্কিন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের পক্ষে ইতিবাচক সমর্থন ৪১ শতাংশ এবং নেতিবাচক সমর্থন ৩৬ শতাংশ।
অন্যদিকে, সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমারের পক্ষে ইতিবাচক সমর্থন মাত্র ৩৪ শতাংশ, যেখানে তাঁর নেতিবাচক রেটিং ৫১ শতাংশ। মামদানি এবং ওকাসিও-কর্তেজের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক সংগঠন 'ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা'-র পক্ষে ২৯ শতাংশ ইতিবাচক ও ৪৩ শতাংশ নেতিবাচক মত দিয়েছেন ভোটাররা।
এছাড়া, একই জরিপে রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যানের চেয়ে ৫৮-৩৯ ব্যবধানে এগিয়ে থাকা নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যজুড়ে মামদানির প্রায় সমকক্ষ জনপ্রিয়তা ধরে রেখেছেন।
পুরো অঙ্গরাজ্যের তুলনায় খোদ নিউইয়র্ক সিটিতে জোহরান মামদানির জনসমর্থন আরও বেশি সুসংহত। সিটির পাঁচটি বরো বা এলাকার ৬০ শতাংশ সম্ভাব্য ভোটার তাঁকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যার বিপরীতে নেতিবাচক মত দিয়েছেন মাত্র ২৯ শতাংশ ভোটার।
স্থানীয় পর্যায়ে তাঁর এই আকাশচুম্বী রেটিং গভর্নর ক্যাথি হোকুল, প্রতিনিধি ওকাসিও-কর্তেজ এবং সিনেটর চাক শুমারের মতো বাঘা বাঘা নেতাদের ইন-সিটি রেটিংকেও ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, কুইনিপিয়াক ইউনিভার্সিটির এই জরিপটি রাজ্যজুড়ে ১ হাজার ২৬ জন সম্ভাব্য ভোটারের ওপর পরিচালনা করা হয়েছে, যার ভুলের মাত্রা বা মার্জিন অব এরর প্লাস-মাইনাস ৪.১ শতাংশ পয়েন্ট।