Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কে সিটি বাইকের গতি কমায় ২৪ মিনিটের যাত্রায় গুনতে হচ্ছে ৬ ডলার ৪৮ সেন্ট

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ এএম

নিউইয়র্কে সিটি বাইকের গতি কমায় ২৪ মিনিটের যাত্রায় গুনতে হচ্ছে ৬ ডলার ৪৮ সেন্ট

বিজ্ঞাপন

নিউইয়র্ক সিটির রাস্তায় সিটি বাইক (Citi Bike) ব্যবহারকারীদের জন্য নতুন এক ভোগান্তির সৃষ্টি হয়েছে। গত বছরের অক্টোবরে তৎকালীন মেয়র এরিক অ্যাডামস ই-বাইকের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৮ মাইল থেকে কমিয়ে ১৫ মাইল করার নির্দেশ দেন। শহরজুড়ে রাস্তা ও পার্কের ভেতরের পথগুলোতে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই যাত্রীরা যাতায়াতে বেশি সময় লাগার পাশাপাশি বাড়তি খরচের অভিযোগ করছেন।

লিফটের (Lyft) মালিকানাধীন সিটি বাইক বর্তমানে সদস্যদের ই-বাইক চালানোর জন্য প্রতি মিনিটে ২৭ সেন্ট করে চার্জ কাটে। ফলে গতি কমার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে যেমন বেশি সময় লাগছে, তেমনি পকেট থেকে খসছে বাড়তি অর্থ।

নিয়মিত সিটি বাইক ব্যবহারকারী অ্যান্ড্রু কামের মতে, বাইকের গতি কমার কারণে সেবাটির মান কমার পাশাপাশি এটি আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। তিনি হিসাব করে দেখিয়েছেন, গতি কমার কারণে চেম্বারস স্ট্রিট থেকে ১২৫তম স্ট্রিট পর্যন্ত ৬ মাইলের একটি সাধারণ যাত্রায় এখন আগের চেয়ে অন্তত ১ ডলার ৮ সেন্ট বেশি খরচ হচ্ছে।

আগে ১৮ মাইল বেগে এই পথ পাড়ি দিতে সময় লাগত প্রায় ২০ মিনিট এবং খরচ হতো ৫ ডলার ৪০ সেন্ট। কিন্তু বর্তমান ১৫ মাইল গতিসীমার কারণে একই পথ পাড়ি দিতে অন্তত ২৪ মিনিট সময় লাগছে, যার ফলে যাত্রীদের গুনতে হচ্ছে ৬ ডলার ৪৮ সেন্ট। অনেক সাধারণ যাত্রী ব্যাপারটি বুঝতে না পারায় অ্যান্ড্রু কাম একে সিটি বাইক ব্যবহারকারীদের ওপর একধরনের ‘লুক্কায়িত কর’ বা হিডেন ট্যাক্স হিসেবে আখ্যায়িত করেছেন।

মজার ব্যাপার হলো, যাত্রীদের খরচ বাড়লেও গতি কমানোর এই নিয়মের সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে সিটি বাইকের আয়ের খাতায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড সংখ্যক যাত্রী সিটি বাইক ব্যবহার করেছেন এবং প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি ৪৭ লাখ (২৪.৭ মিলিয়ন) ডলার মুনাফা অর্জন করেছে, যা ২০২৪ সালের ৬৮ লাখ (৬.৮ মিলিয়ন) ডলারের তুলনায় বহুগুণ বেশি।

মূলত উইলিয়ামসবার্গে একটি ই-বাইক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু আহত হওয়ার পর তৎকালীন ফার্স্ট ডেপুটি মেয়র র্যান্ডি মাস্ত্রোর চাপে মেয়র অ্যাডামস গতি কমানোর এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও ওই দুর্ঘটনায় কোনো সিটি বাইক জড়িত ছিল না। বর্তমানে নিউইয়র্কের সাইকেল আরোহী এবং বেশ কয়েকজন সিটি কাউন্সিল মেম্বার বাড়তি খরচের এই লাগাম টানতে সোচ্চার হয়েছেন।

তাঁরা সদস্যদের জন্য ই-বাইক রাইডের সর্বোচ্চ খরচ ৩ ডলারে সীমিত করার একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন। তবে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিউইয়র্কের রাস্তায় দ্রুতগতির আরোহীদের বাধ্য হয়েই ধীরগতিতে চলতে হবে এবং গুনতে হবে বাড়তি অর্থ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার