বিজ্ঞাপন
২৫ কোটি ডলারের মামলায় আইফোন ক্রেতাদের ক্ষতিপূরণের আবেদন শুরু, জানুন বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু আইফোনের ক্রেতাদের জন্য অ্যাপলের সঙ্গে ২৫ কোটি ডলারের মামলার মীমাংসা থেকে অর্থ পাওয়ার আবেদন শুরু হয়েছে। সিরির কিছু ঘোষিত সুবিধা সময়মতো না দেওয়ার অভিযোগে করা মামলাটির মীমাংসা অনুযায়ী, যোগ্য ক্রেতারা প্রতি ফোনের জন্য সর্বোচ্চ ৯৫ ডলার পেতে পারেন। ক্লেইম জমা দেওয়ার শেষ দিন ২১ ডিসেম্বর ২০২৬।
মীমাংসার আনুষ্ঠানিক নোটিশ অনুযায়ী, ১০ জুন ২০২৪ থেকে ২৯ মার্চ ২০২৫-এর মধ্যে যুক্তরাষ্ট্রে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স অথবা আইফোন ১৬ সিরিজের যেকোনো মডেল কিনেছেন, এমন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যোগ্য হতে পারেন। ফোনটি পুনরায় বিক্রির উদ্দেশ্যে কেনা হলে এই সুযোগ প্রযোজ্য নয়।
তবে নির্দিষ্ট মডেলের ফোন কেনাই ক্লেইম পাওয়ার একমাত্র শর্ত নয়। আবেদনপত্রে ক্রেতাকে নিশ্চিত করতে হবে যে ফোন কেনার সময় তিনি সিরির নির্দিষ্ট অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়ার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তা পাননি। ফোন কেনা ও মালিকানা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্যও দিতে হবে।
বৈধ ক্লেইমের জন্য প্রাথমিক হিসাবে প্রতি যোগ্য ফোনে ২৫ ডলার ধরা হয়েছে। মোট কতগুলো ক্লেইম জমা পড়ে এবং আদালত অনুমোদিত খরচের পর কত অর্থ থাকে, তার ভিত্তিতে এই অঙ্ক বাড়তে বা কমতে পারে। তবে প্রতি ফোনে সর্বোচ্চ অর্থের সীমা ৯৫ ডলার। সব ক্লেইম যাচাই না হওয়া পর্যন্ত চূড়ান্ত অঙ্ক জানা যাবে না।
মামলায় ক্রেতাদের অভিযোগ, অ্যাপল নির্দিষ্ট কিছু সিরি ও অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা নিয়ে যে প্রত্যাশা তৈরি করেছিল, সেগুলো সময়মতো দেয়নি। অ্যাপল অভিযোগ অস্বীকার করেছে। মীমাংসায় সম্মত হওয়ার অর্থ প্রতিষ্ঠানটির অনিয়ম স্বীকার করা নয়; আদালতও কোনো পক্ষের অভিযোগের পক্ষে চূড়ান্ত রায় দেননি।
যোগ্য ক্রেতাকে অর্থ পেতে ২১ ডিসেম্বরের মধ্যে মীমাংসা প্রশাসকের নির্ধারিত ক্লেইম ফর্ম জমা দিতে হবে। আদালতে মীমাংসার চূড়ান্ত অনুমোদন নিয়ে শুনানি নির্ধারিত আছে ২৪ ফেব্রুয়ারি ২০২৭। অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর অর্থ দেওয়া হবে।