বিজ্ঞাপন
নিউইয়র্কে কম আয়ের মানুষের জন্য অর্ধেক ভাড়ায় বাস ও পাতালরেল চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির কম আয়ের বাসিন্দাদের জন্য অর্ধেক ভাড়ায় বাস ও পাতালরেল ব্যবহারের সুবিধা আরও সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় যোগ্য ব্যক্তিদের পরিবহন সুবিধায় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ অনুমোদন করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল।
২৪ সেপ্টেম্বর সিটি কাউন্সিল এ-সংক্রান্ত নতুন আইন অনুমোদন করে। এর মূল লক্ষ্য হলো, যারা এই সুবিধা পাওয়ার যোগ্য হলেও এখনো নিবন্ধন করেননি, তাদের সহজে কর্মসূচির আওতায় আনা।
নতুন ব্যবস্থার ফলে খাদ্য সহায়তা ও নগদ সহায়তা কর্মসূচিতে থাকা যোগ্য ব্যক্তিদের তথ্য ব্যবহার করে তাদের পরিবহন সুবিধায় দ্রুত নিবন্ধনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার তথ্যের মাধ্যমে সম্ভাব্য যোগ্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের এই সুবিধার বিষয়ে জানানো হবে।
নিউইয়র্কের কম আয়ের মানুষের জন্য চালু থাকা এই কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা পাতালরেল ও নির্দিষ্ট বাসে স্বাভাবিক ভাড়ার অর্ধেক দিয়ে যাতায়াত করতে পারেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পরিবহন সেবাতেও অর্ধেক ভাড়ার সুবিধা রয়েছে।
২০২৭ অর্থবছরের বাজেটের মাধ্যমে এই সুবিধা পাওয়ার আয়সীমাও বাড়ানো হয়েছে। আগে নির্ধারিত দারিদ্র্যসীমার দেড় গুণ পর্যন্ত আয় করা ব্যক্তিরা এই সুবিধার জন্য যোগ্য ছিলেন। নতুন ব্যবস্থায় তা বাড়িয়ে দারিদ্র্যসীমার দ্বিগুণ করা হয়েছে।
সিটি কাউন্সিলের হিসাবে, আয়সীমা বাড়ানোর ফলে আরও প্রায় ৩ লাখ ৪০ হাজার নিউইয়র্কবাসী এই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ মানুষ এই কর্মসূচির আওতায় আসার যোগ্য হবেন।
তবে যোগ্য মানুষের তুলনায় এখনো কর্মসূচিতে নিবন্ধনের হার কম। সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, যোগ্য নিউইয়র্কবাসীর প্রায় ৪০ শতাংশ বর্তমানে এই সুবিধায় নিবন্ধিত রয়েছেন। নতুন উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো এই ব্যবধান কমানো।
নতুন আইনে ভবিষ্যতে যোগ্য ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে এই কর্মসূচিতে নিবন্ধন করা যায় কি না, তা নিয়েও পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। এতে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন কমতে পারে।
সিটি কাউন্সিল আরও জানিয়েছে, কর্মসূচিতে কতজন নিবন্ধিত হচ্ছেন এবং কতজন নিয়মিত সুবিধা ব্যবহার করছেন, সে বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা করা হবে।
নিউইয়র্কে বাস ও পাতালরেল প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। বিশেষ করে কম আয়ের মানুষের জন্য গণপরিবহনের ভাড়া দৈনন্দিন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নতুন উদ্যোগের মাধ্যমে পরিবহন ব্যয়ের চাপ কমানোর পাশাপাশি যোগ্য আরও বেশি মানুষকে এই সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।